দ্রুত চুক্তির শর্তে ইরানে সামরিক হামলা বাতিল করলেন ট্রাম্প

ইরানে বহুল আলোচিত সামরিক হামলার পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত একটি সমঝোতা বা চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিস্তারিত পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বকালের নজিরবিহীন ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে এই হামলা চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানায়। তারা জানায় যে একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে ইতিমধ্যে সমঝোতা চূড়ান্ত করা হয়েছে।
বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি এই হামলা বাতিল করতে সম্মত হয়েছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, শর্ত একটাই—দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে হবে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, সমঝোতার জন্য তৈরি করা এই নতুন চুক্তির আওতায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আন্তর্জাতিক চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির চিরতরে অবসান ঘটানো হবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, হামলা বাতিলের এই সিদ্ধান্তের সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র ইসরায়েলও সম্পূর্ণ একমত প্রকাশ করেছে। একই সঙ্গে বার্তার শেষে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়ে তিনি লেখেন, ‘সবাই কাজে নেমে পড়ুন এবং দ্রুত চুক্তিটি সম্পন্ন করুন। ধন্যবাদ।’
তবে ট্রাম্পের এই চাঞ্চল্যকর ও নজিরবিহীন দাবির বিষয়ে ইরান কিংবা ইসরায়েল—কোনো দেশের পক্ষ থেকেই তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
source: Rajneete







