News

শিগগির বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গর

মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। আগামী সপ্তাহেই দেশটির একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন। সফরকালে তারা সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মার্কিন এ বিশেষ দূত। এ সময় বাংলাদেশে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সার্জিও গোর সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরের পর বৈঠক করবেন। তারা সেই বৈঠকে কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা সম্ভাব্যতা যাচাই করবেন।’

বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আশাবাদ জানিয়ে সার্জিও গর লেখেন, ‘অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে উভয় দেশের সামনে থাকা বিস্তৃত সুযোগ-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তব ও ইতিবাচক ফল অর্জন সম্ভব।’

এর আগে সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গোর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন। এ সময় রোহিঙ্গা নাগরিকরা নিজ দেশে ফেরত যাওয়ার কথা জানান তার কাছে।

সফরকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময় হয়।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। সফরের প্রথম দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের সার্জিও গর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ‘দারুণ’ হয়েছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

source: Asia Post

Back to top button