নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ছয় সদস্যসহ গ্রেপ্তার ১৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যসহ বিভিন্ন মামলার মোট ১৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ও শুক্রবার (৩১ জুলাই) এই বিশেষ অভিযান পরিচালিত হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেপ্তার এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সংগঠক উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু, যুবলীগ সদস্য মেজবাহ উদ্দিন এবং আওয়ামী লীগ কর্মী মো. টিপন, আব্দুর রব ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
রাত সাড়ে ৩টার দিকে মদনপুর এলাকা থেকে আল আমিন ওরফে সাগরকে গ্রেপ্তার করা হয়। ওই দিন ভোর পৌনে ৬টার দিকে নয়ামাটি এলাকা থেকে ওয়াদুত মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফরাজীকান্দা মোড় এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মো. মেহেদী হাসান ইমুন, মো. সাকিব, আনোয়ার হোসেন, ফয়সাল এবং ফারুক নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও পরোয়ানা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
source: Asia Post







