মার্কিন সামরিক ‘ক্লাউডে’ সাইবার হামলা, ফাঁস হতে পারে সংবেদনশীল তথ্য

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’ সাইবার হামলার শিকার হয়েছে। এতে মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য, সামরিক সরঞ্জাম, জনবলের ব্যক্তিগত তথ্য এবং রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিপুল পরিমাণ ডেটা ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তাদের মধ্যে দুজনের দাবি, গত এক মাসের মধ্যে প্ল্যাটফর্মটির উন্নয়নকাজ চলাকালে সাইবার অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এ ঘটনার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তবে কারা এই হামলা চালিয়েছে, ঠিক কতটুকু তথ্য বা সিস্টেম আক্রান্ত হয়েছে এবং কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
তদন্তে যুক্ত মার্কিন সাইবার কমান্ড
ঘটনার গুরুত্ব বিবেচনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাইবার ইউনিট ‘ইউএস সাইবার কমান্ড’কে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানায়, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, প্রযুক্তিগত ব্যবস্থা এবং সামরিক সক্ষমতা সুরক্ষায় নিয়মিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কী এই ক্লাউড ওয়ান?
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি ব্যবস্থার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়। এর মাধ্যমে মাইক্রোসফট, আমাজন, ওরাকল ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ক্লাউড অবকাঠামো ব্যবহার করে বিভিন্ন সামরিক ও প্রশাসনিক অ্যাপ্লিকেশন পরিচালনা করা হয়।
এই প্ল্যাটফর্মে বিমানবাহিনীর সদস্যদের ব্যক্তিগত তথ্য, বেতন-ভাতা, সামরিক রসদ, যন্ত্রাংশ, বিমান রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থাপনার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া ক্লাউড ওয়ানের আওতায় রয়েছে ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। এর মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার ও অন্যান্য তথ্য একত্র করা হয়।
অন্যদিকে, ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ নামের আরেকটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ্বের ২০০টিরও বেশি মার্কিন বিমানবাহিনীর স্থাপনায় বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব এবং অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি হলো ক্লাউড ওয়ান। ফলে এখানে সাইবার হামলার ঘটনা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কার্যক্রম
হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের কার্যক্রমে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট চারজনের তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীর প্রশাসনিক ও দাপ্তরিক অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি আগে থেকেই প্ল্যাটফর্মটিতে চালু থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশনের আপডেট ও সফটওয়্যার সংশোধনও আটকে দেওয়া হয়েছে।
এর ফলে বিমানবাহিনীর কর্মীরা নতুন সফটওয়্যার ত্রুটি শনাক্ত হওয়ার পরও প্রয়োজনীয় নিরাপত্তা আপডেট বা সংশোধন প্রয়োগ করতে পারছেন না। এ ছাড়া কয়েকজন ব্যবহারকারীর প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকারও প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আরেক ব্যক্তি।
রয়টার্সের পাঁচটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছে।
সিস্টেমের নিয়ন্ত্রণ স্তরে প্রবেশের অভিযোগ
একটি সূত্রের দাবি, হ্যাকাররা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে ক্লাউড ওয়ানের ‘কন্ট্রোল প্লেন’ বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ স্তরে প্রবেশ করেছিল।
কন্ট্রোল প্লেন হলো এমন একটি ব্যবস্থাপনা স্তর, যার মাধ্যমে ক্লাউড অবকাঠামোর বিভিন্ন সেবা, ব্যবহারকারী, নেটওয়ার্ক ও অন্যান্য কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়।
সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাখ্যা অনুযায়ী, এই স্তরে প্রবেশাধিকার পেলে তাত্ত্বিকভাবে কোনো অনুপ্রবেশকারী সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা যন্ত্রাংশের চলাচলসংক্রান্ত তথ্য যাচাই করার সুযোগ পেতে পারে।
তবে এবারের হামলায় হ্যাকাররা বাস্তবে এসব তথ্য দেখতে পেরেছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কোন সফটওয়্যার দুর্বলতা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে, তাও শনাক্ত করতে পারেনি রয়টার্স।
যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সাইবার হামলার উদ্বেগ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগও বাড়ছে। বিশেষ করে ক্লাউডভিত্তিক ব্যবস্থায় এআই ব্যবহার করে দ্রুত সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত ও কাজে লাগানোর আশঙ্কা রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও নিরাপত্তা সংস্থাও একাধিক সাইবার ঘটনার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), পেন্টাগন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সাইবার ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে ক্লাউড ওয়ান দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তুতে রয়েছে। ২০২৩ সালে প্রযুক্তিবিষয়ক প্রকাশনা ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির কর্মকর্তারা দাবি করেছিলেন, বিপুলসংখ্যক সাইবার অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে তারা শতভাগ সফল হয়েছেন।
তখন কর্মকর্তারা লিখেছিলেন, নিরাপত্তার ক্ষেত্রে ভুলের কোনো সুযোগ নেই।
কিন্তু সাম্প্রতিক এই সাইবার হামলার ঘটনায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, তদন্তে হামলার প্রকৃত ধরন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো সংবেদনশীল তথ্য চুরি হয়েছে কি না, তা নির্ধারণ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
source: Asia Post








