ময়মনসিংহে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে পৃথক তিনটি বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মশাল মিছিলের প্রস্তুতি নস্যাৎ করে মিছিলের সরঞ্জাম, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা, তারাকান্দা থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসব অভিযান পরিচালনা করে। জেলা পুলিশের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সম্ভাব্য ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নস্যাৎ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল্লাহ আল রবিন (২৩), মো. জীবন মিয়া (২৫), মো. আসাদিন (৩২), নূর আলম (৩৩), তুহিন ইসলাম (২৮), সেলিম (২৯), মো. আব্দুল কাদির ও বিল্লাল (৩৭), মো. নয়ন (১৫), মো. আরাফাত (১৬), মো. হৃদয় (১৮) ও আরেকজন। তারা ময়মনসিংহের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং আওয়ামী অঙ্গসহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল নগরের ঢাকা বাইপাস থেকে রহমতপুর বাইপাসগামী সড়কের নটরডেম কলেজসংলগ্ন জালালের মোড় এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্রস্তুতিতে থাকা ব্যক্তিরা মশাল ও অন্যান্য সরঞ্জাম ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১২টি বৈঠা, ১৯টি মশাল স্টিক, বাঁশের লাঠি ও মিছিলের ব্যানার উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, দ্রুত অভিযান পরিচালনার ফলে সম্ভাব্য ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নস্যাৎ করা সম্ভব হয়েছে।
অন্যদিকে শুক্রবার ভোররাতে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলতলী বাজারে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই এলাকায় জনৈক সাইদুল মেম্বারের বাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলের প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আব্দুল্লাহ আল রবিন, মো. জীবন মিয়া, মো. আসাদিন, নূর আলম, তুহিন ইসলাম, সেলিম, মো. আব্দুল কাদির ও বিল্লাল নামে আটজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে সাতটি মোটরসাইকেল, আটটি অটোরিকশা ও চার বান্ডেল লাঠি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শুক্রবার বিকেল ৫টার দিকে নগরের কাঁচিঝুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন সক্রিয় কর্মী নয়ন, আরাফাত ও হৃদয়কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে পুলিশ সতর্ক রয়েছে।
source: Asia Post








