News

পশ্চিম তীরে আহত ফিলিস্তিনিদের চিকিৎসায় বাধা, স্বাস্থ্যকর্মীরাও হামলার শিকার

অধিকৃত পশ্চিম তীরে আহত ফিলিস্তিনিদের চিকিৎসাসেবা দিতে গিয়ে ইসরায়েলি সেনা ও সশস্ত্র বসতি স্থাপনকারীদের বাধা ও হামলার শিকার হচ্ছেন জরুরি চিকিৎসাকর্মীরা। কখনো অ্যাম্বুলেন্সের পথ আটকে দেওয়া হচ্ছে, কখনো ছোড়া হচ্ছে গুলি। এমনকি আহত ব্যক্তিদের কাছে পৌঁছাতেও বাধার মুখে পড়ছেন প্যারামেডিকরা। অধিকারকর্মীরা এসব ঘটনাকে ফিলিস্তিনিদের জরুরি চিকিৎসাসেবার ওপর ‘পরিকল্পিত আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের ওপর সহিংসতার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এ ধরনের সহিংসতা বেড়েছে ৩৫০ শতাংশেরও বেশি। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্বাস্থ্য অধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা ইসরায়েলভিত্তিক অলাভজনক সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েলের হিসাবে এ চিত্র উঠে এসেছে।

এদিকে জেনেভাভিত্তিক মানবিক গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই অঞ্চলে স্বাস্থ্যকর্মীদের ওপর ১ হাজার ২০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

গুলি ছোড়া হয় অ্যাম্বুলেন্স লক্ষ্য করে

আরো পড়ুন

পশ্চিম তীরের প্যারামেডিক ইউসুফ দিরিয়েহ ও তার ছেলে হাদি এক আহত তরুণীকে অ্যাম্বুলেন্সে তুলছিলেন। এ সময় তাদের মাথার পাশ দিয়ে গুলি চলে যায়। এর এক ঘণ্টারও কম সময় আগে সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কুসরা গ্রামে হামলা চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করেন। পরে আহত ব্যক্তিদের সহায়তা করতে যাওয়া চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

দিরিয়েহ ছেলেকে দ্রুত অ্যাম্বুলেন্স চালাতে বলেন। এ সময় একটি গুলি এসে লাগে অ্যাম্বুলেন্সের সামনের কাচে। বাবা-ছেলের ওপর সেটিই ছিল প্রথম হামলা।

বর্তমানে ৫০ বছর বয়সী দিরিয়েহ ২০২৩ সালের ১১ অক্টোবরের সেই ঘটনার স্মৃতি স্মরণ করেন। আহত তরুণীকে নিয়ে তিনি নাবলুসের একটি হাসপাতালে যাচ্ছিলেন। হামাসের ইসরায়েলে হামলার পর গাজা যুদ্ধ শুরুর কয়েক দিন পরের ঘটনা এটি। সেদিনই তার মনে হয়েছিল, তার ও ছেলের মতো জরুরি চিকিৎসাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার শুরু হলো।

দ্য গার্ডিয়ানকে ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল বেশ কয়েকটি ভিডিও দিয়েছে। এর মধ্যে ২০২৩ সালের অক্টোবরে হুওয়ারায় হামলার একটি ভিডিও রয়েছে। এসব ভিডিওতে দেখা যায়, সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে পাথর ছুড়ছেন, গাড়ি দিয়ে পথ আটকে দিচ্ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে গুলি করছেন। ফুটেজে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স, চালকের আসনে রক্তের দাগ এবং আহত চিকিৎসাকর্মীদেরও দেখা যায়।

তবে দিরিয়েহ ও তার ছেলের ওপর হামলার ঘটনাটি ভিডিও করা হয়নি। দ্য গার্ডিয়ান নাবলুসের কাছে একটি প্যারামেডিক দলের সঙ্গে অ্যাম্বুলেন্সে এক দিন কাটিয়েছে। এ সময় অ্যাম্বুলেন্স চালানোর পাশাপাশি সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করেন দিরিয়েহ।

তিনি বলেন, ‘সেদিন আমি বুঝতে পেরেছিলাম, সশস্ত্র বসতি স্থাপনকারীরা আমাদের সরাসরি হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল।’

দিরিয়েহ গত ১৫ বছর ধরে নাবলুসের কাছে আকরাবা গ্রামে কাজ করছেন। তার ভাষ্য, গত দুই বছরে চিকিৎসাকর্মীদের ওপর হামলার ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। প্রতিদিনই এ ধরনের হামলা হচ্ছে। কখনো একই সময়ে তিন, পাঁচ কিংবা ছয়টি পৃথক হামলার ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্স চলাচলেও বাধা

নাবলুস থেকে দক্ষিণ দিকে যাওয়ার পথে আল-সাওইয়া গ্রাম দেখিয়ে দিরিয়েহ বলেন, ‘এখানেই বসতি স্থাপনকারীরা আমার সহকর্মী ও বন্ধু মোহাম্মদকে হত্যা করেছিলেন।’

২০২৪ সালের ২১ এপ্রিল আহত ফিলিস্তিনিদের হাসপাতালে নেওয়ার সময় হামলার শিকার হয়ে নিহত হন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ আওয়াদুল্লাহ মুসা। ইনসিকিউরিটি ইনসাইটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে এ পর্যন্ত ১৩ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

পশ্চিম তীরে আহত ব্যক্তিদের কাছে পৌঁছাতে ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমতির ওপর নির্ভর করতে হয় অ্যাম্বুলেন্সকর্মীদের। রোগীদের কাছে যাওয়া এবং হাসপাতালে নেওয়ার পথে বিভিন্ন চেকপয়েন্ট পার হতে হয় তাদের। জাতিসংঘের হিসাবে, ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ অধিকৃত পশ্চিম তীরে চেকপয়েন্ট, সড়কের ফটক ও অবরোধসহ চলাচলে ৯২৫টি প্রতিবন্ধকতা ছিল।

দিরিয়েহ বলেন, বসতি স্থাপনকারীরাও অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেন। তারা অ্যাম্বুলেন্সের সামনে ধীরগতিতে গাড়ি চালিয়ে পথ আটকে রাখেন। কখনো সামনে থাকা গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য একটি গাড়ি দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়।

পশ্চিম তীরের কোনো কোনো গ্রামে সশস্ত্র বসতি স্থাপনকারীরা ফটক বন্ধ করে দেন। এতে অ্যাম্বুলেন্সগুলো স্টেশনেই আটকে থাকে। জরুরি ফোন পাওয়ার পরও সেগুলো ঘটনাস্থলে যেতে পারে না। ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর থেকে বিভিন্ন ফিলিস্তিনি গ্রামের প্রবেশপথে সড়কের ফটক স্থাপন করে আসছে ইসরায়েলি বাহিনী।

দিরিয়েহ বলেন, ‘কখনো তারা এসে আকরাবার প্রবেশ ও বের হওয়ার ফটকগুলো বন্ধ করে দেয়। তখন সেখান দিয়ে যেতে হলে কার্যত হেলিকপ্টারের প্রয়োজন হবে। এসব ফটক বন্ধ থাকায় কোনো কোনো নারীকে অ্যাম্বুলেন্সের ভেতরেই সন্তান জন্ম দিতে হয়েছে।’

নাবলুসের ৩৪ বছর বয়সী জরুরি চিকিৎসাকর্মী ওমর ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েলকে জানান, একবার আওয়ার্তা চেকপয়েন্টে সেনারা প্রসবব্যথায় আক্রান্ত এক নারীকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে দেন।

ওমর বলেন, ‘সড়কে যানজট ছিল, আর সেনারা কাউকে যেতে দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত যখন আমাদের যেতে দেওয়া হলো, তখন সামনে আরও যানজট ছিল। শেষ পর্যন্ত পথে থাকতেই ওই নারী সন্তান জন্ম দেন।’

চলাচলের বিধিনিষেধ আরও কঠোর

পুলিৎজার পুরস্কারজয়ী বই ‘আ ডে ইন দ্য লাইফ অব আবেদ সালামা’-এ ২০১২ সালে জেরুজালেমের কাছে একটি স্কুলবাস দুর্ঘটনার পর ছেলেকে খুঁজতে থাকা এক বাবার ঘটনা তুলে ধরা হয়েছে। বইটির লেখক জেরুজালেমে বসবাসকারী নাথান থ্রল বলেন, এক দশকের বেশি সময় পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ওপর বিধিনিষেধ আরও কঠোর হয়েছে।

তিনি বলেন, ‘অনেকের কাছে দখলদারত্ব শুরুর পর থেকে এটাই সবচেয়ে কঠোর বিধিনিষেধ। উদ্দেশ্য বরাবরের মতোই ফিলিস্তিনিদের ক্রমশ ছোট জায়গার মধ্যে আটকে রাখা, যাতে তাদের জমি ইসরায়েলি বসতি স্থাপন ও কার্যত সংযুক্তির জন্য দখল করা যায়। এ প্রকল্প শুধু ধারাবাহিকভাবে সফলই হচ্ছে না, বরং দ্রুততর হচ্ছে।’

ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েলের গবেষক ইমরান আনাতি বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং ফিলিস্তিনিদের জরুরি চিকিৎসাসেবার ওপর পরিকল্পিত আক্রমণ, যার দায় ইসরায়েলের।’

তবে ফিলিস্তিনি প্যারামেডিকদের কাজে বাধা দেওয়া কিংবা আহত ব্যক্তিদের কাছে পৌঁছাতে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে চিকিৎসাকর্মীদের ‘অবাধ চলাচল নিশ্চিত করা হয়’। চিকিৎসাকর্মী ও অ্যাম্বুলেন্সের ওপর সব ধরনের সহিংসতারও নিন্দা জানিয়েছে তারা।

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বাড়তে থাকায় দিরিয়েহর কাজ দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোট এসব হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে বর্ণনা করেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব এড মিলিব্যান্ড এসব কর্মকাণ্ডকে ‘জাতিগত নির্মূল’ বলে অভিহিত করেছেন।

এ পরিস্থিতিতে ছেলেকে নিজের সঙ্গে কাজ করা বন্ধ করতে বলেছেন দিরিয়েহ। ২০ বছর বয়সী ছেলেকে এ কাজ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত তার জন্য কঠিন ছিল বলে জানান তিনি।

দিরিয়েহ বলেন, ২০১৩ সালের শেষ দিকে অ্যাম্বুলেন্সচালক হিসেবে প্রশিক্ষণের প্রথম দিনেই তাকে একটি জরুরি ঘটনায় যেতে হয়েছিল। জেরিকোর সড়কে এক বসতি স্থাপনকারীর গাড়ি উলটে গিয়েছিল। ইসরায়েলের জরুরি সেবাকর্মীরা গাড়িটির অবস্থান খুঁজে না পাওয়ায় ফিলিস্তিনি প্যারামেডিকরা সেখানে পৌঁছে আহত বসতি স্থাপনকারীদের চিকিৎসা দেন।

দিরিয়েহ বলেন, ‘আমার কর্মজীবনে আমি ইসরায়েলি সেনাদেরও চিকিৎসাসেবা দিয়েছি। তারা ফিলিস্তিনি, ইসরায়েলি, খ্রিষ্টান, মুসলিম, দ্রুজ কিংবা ইহুদি— এটা আমার বিবেচ্য নয়। যার চিকিৎসা প্রয়োজন, তাকে মানবিক সহায়তা দেওয়াই আমার দায়িত্ব। এটাই আমার কাজ।’

তিনি আরও বলেন, ‘আজ একজন ফিলিস্তিনির জীবনের মূল্য একজন ইসরায়েলির জীবনের চেয়ে কম— এ কথা ভাবতেই কষ্ট হয়।’

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

source: Rajneete

Back to top button