News

এবার সৌদির আরেক তেল শোধনাগারে হামলা, নেপালি কর্মী নিহত

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর জাজান শোধনাগারে হামলায় নেপালের এক কর্মী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার পর স্থাপনাটির কয়েকটি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

সৌদি গেজেট ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত শোধনাগারটিতে আকাশ থেকে ছোড়া একটি প্রজেক্টাইল আঘাত হানলে আগুন ধরে যায়। একদিন আগে সৌদি আরবের বৃহত্তম তেল শোধানাগার রাস তানুরাতেও হামলার দাবি করে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞ প্রযুক্তিবিদেরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাটির নিরাপত্তা যাচাই করছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় ও কর্মস্থল সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় হামলার জন্য সরাসরি কাউকে দায়ী না করলেও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ইয়েমেনের হোদেইদা প্রদেশে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

আরো পড়ুন

জাজান শোধনাগারটি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের উপকূলে অবস্থিত। দৈনিক প্রায় চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে এর। ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থানের কারণে স্থাপনাটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তাঝুঁকিতে রয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও বন্দরগুলোকে লক্ষ্য করে হুতিদের হামলার দাবি বেড়েছে। এর আগে রাস তানুরা শোধনাগার এবং জেদ্দা ও জাজান বন্দরে হামলার দাবিও করেছিল গোষ্ঠীটি। এ ছাড়া আরামকোর বিভিন্ন স্থাপনাও একাধিকবার হামলার শিকার হয়েছে।

source: Rajneete

Back to top button