যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৪ লাখের বেশি গ্রাহক, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড়ের আঘাতে থ্যাংকসগিভিং ছুটির দিনে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও পরিবহনব্যবস্থা। প্রবল বৃষ্টি, ঘণ্টায় ৬০ মাইলের বেশি বেগের ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় জলোচ্ছ্বাসে কয়েকটি অঙ্গরাজ্যে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ঝড়ের প্রভাবে দেশ জুড়ে চার লাখ ৪০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। বাতিল হয়েছে ৮২০টির বেশি ফ্লাইট, বিলম্বিত হয়েছে আরও কয়েক শ।
মার্কিন গণমাধ্যম সিএনএন এবং বার্তা সংস্থা রয়টার্স ও এপির খবরে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ভার্জিনিয়া ও মিসৌরি। ভার্জিনিয়ায় ঝোড়ো বাতাসে প্রায় এক লাখ ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। অন্যদিকে ভারী তুষারপাতের কারণে মিসৌরিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে প্রায় এক লাখ ৪০ হাজার গ্রাহকের। ভার্জিনিয়ার নরফোকে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬৩ মাইল রেকর্ড করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি ইলিনয় থেকে নিউ জার্সি পর্যন্ত বিস্তৃত হয়েছে। মধ্য-পশ্চিমাঞ্চলে তুষারপাতের পাশাপাশি পূর্ব উপকূলের ভার্জিনিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।
রয়টার্স জানিয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে আসা প্রবল বাতাস, বছরের সবচেয়ে উঁচু জোয়ার এবং পূর্ণিমার প্রভাবে জর্জিয়া, ক্যারোলাইনা থেকে লং আইল্যান্ড পর্যন্ত উপকূলে মাঝারি থেকে তীব্র জলোচ্ছ্বাস হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা ঘণ্টায় এক ইঞ্চি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনেও ভার্জিনিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় বন্যার সতর্কতার কথা বলা হয়েছে।
যাতায়াত ও উৎসব আয়োজনেও বিপর্যয়
ঝড়ের কারণে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে থ্যাংকসগিভিংয়ের ছুটির ভ্রমণ ও উৎসব আয়োজনে। নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড এবার নির্ধারিত দিনের পরিবর্তে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০০ বছরের ইতিহাসে আবহাওয়ার কারণে প্রথমবারের মতো পিছিয়ে দেওয়া হলো এই আয়োজন। প্রবল বাতাসে প্যারেডের বিশাল বেলুনগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দর্শকদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে— এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই কারণে ফিলাডেলফিয়ার থ্যাংকসগিভিং প্যারেডও স্থগিত করা হয়েছে। ১৯২০ সাল থেকে নিয়মিত হয়ে আসা যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো এই প্যারেড এবার নির্ধারিত দিনে হচ্ছে না। তবে ডেট্রয়েট ও শিকাগোর প্যারেড যথাসময়ে হওয়ার কথা রয়েছে।
বিমান চলাচলেও দেখা দিয়েছে বড় ধরনের বিঘ্ন। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৮২০টির বেশি ফ্লাইট বাতিল ও প্রায় ৫০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বাল্টিমোর-ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ধারিত ফ্লাইটের এক-চতুর্থাংশের বেশি বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান বিমানবন্দর এবং নিউইয়র্কের লাগার্ডিয়া ও জন এফ কেনেডি বিমানবন্দরেও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।
-dd4aa3.jpg)
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ঝড়ের কারণে নিউইয়র্ক, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া ও বাল্টিমোরগামী ফ্লাইটে ৩০ মিনিট বা তার বেশি বিলম্ব হতে পারে। প্রবল বাতাস, কম দৃশ্যমানতা ও বৃষ্টির কারণে বিমান ওঠানামা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর মধ্যে বুধবার রাতে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে পেরিয়ে যায় ফেডএক্সের একটি কার্গো বিমান। বৃষ্টির মধ্যে অবতরণের পর ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ উড়োজাহাজটি রানওয়ের শেষ প্রান্ত পেরিয়ে বিমানবন্দরের সীমানাপ্রাচীরের কাছে গিয়ে থামে। এতে কেউ আহত হননি। তবে বিমানটি সরানো না পর্যন্ত একটি রানওয়ে ব্যবহার করা যাচ্ছে না। এ ঘটনায় মায়ামিগামী ফ্লাইটের কিছু যাত্রীর বিলম্ব হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে এফএএ।
উপকূলে বন্যার আশঙ্কা, জরুরি অবস্থা জারি
ঝড়ের সঙ্গে অস্বাভাবিক উচ্চ জোয়ার যুক্ত হয়ে পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, ভার্জিনিয়া বিচ থেকে দক্ষিণ নিউ জার্সি পর্যন্ত বৃহস্পতিবার সকালে জোয়ারের উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কথা। এতে নিচু এলাকার সড়ক ও বাড়িঘরে পানি ঢুকে পড়তে পারে।
ডেলাওয়ারের লুইস ও বোয়ার্স বিচ এবং নিউ জার্সির কেপ মে এলাকায় জোয়ারের উচ্চতা অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। আটলান্টিক সিটি ও মেরিল্যান্ডের ওশান সিটিতে ২০১২ সালের সুপারস্টর্ম স্যান্ডির পর সর্বোচ্চ জোয়ার দেখা দেওয়ার পূর্বাভাস রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল। এর আওতায় রয়েছে নিউইয়র্ক নগরীর পাঁচটি বরো, ওয়েস্টচেস্টার কাউন্টি ও লং আইল্যান্ড। সড়কে তুষার ও ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রায় ১৮০০টি তুষার পরিষ্কারের যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।
নিউ জার্সির আটলান্টিক সিটির কর্তৃপক্ষ বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের স্বেচ্ছায় নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। শহরটির মেয়র মার্টি স্মল সিনিয়র বলেছেন, সেপ্টেম্বরে যেসব বাড়িতে পানি ঢুকেছিল, এবারও সেসব বাড়িতে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। পরিস্থিতিকে সাধারণ নরইস্টার ঝড়ের চেয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মতো বিপজ্জনক বলে বর্ণনা করেছেন তিনি।
প্রবল বাতাসের কারণে পেনসিলভ্যানিয়া ও নিউ জার্সিকে সংযুক্তকারী কমোডর ব্যারি সেতুও বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুটির রং করার কাজে ব্যবহৃত কাঠামোর একটি অংশ বাতাসে খুলে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে দুই দিকের যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেতুটি বন্ধ থাকবে।
মধ্য-পশ্চিমে তুষারপাতেও বিপর্যয়
পূর্ব উপকূলে বৃষ্টি ও জলোচ্ছ্বাসের পাশাপাশি মধ্য-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় ভারী তুষারপাত জনজীবন বিপর্যস্ত করেছে। মিসৌরির স্টি জেনেভিভ এলাকায় ১৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সেন্ট লুইসের দক্ষিণে আর্নল্ড এলাকায় তুষার জমেছে ১০ ইঞ্চির বেশি। সেন্ট লুইসে বুধবার ৫ দশমিক ২ ইঞ্চি তুষারপাত হয়েছে, যা নতুন রেকর্ড।
ভারী ও ভেজা তুষারের চাপে গাছের ডাল ভেঙে পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। মিসৌরি ও ইলিনয়ের কিছু এলাকায় তুষারপাতের কারণে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে।
থ্যাংকসগিভিং যুক্তরাষ্ট্রের অন্যতম বড় পারিবারিক উৎসব। এ সময় লাখ লাখ মানুষ পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে বিভিন্ন শহরে যাতায়াত করেন। ফলে ঝড়ের কারণে বিমান, সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ছুটির আয়োজনেও প্রভাব ফেলেছে। আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ও বন্যার ক্ষয়ক্ষতি বাড়তে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
source: Rajneete







