News

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্রাক, আটকা পড়লেন চালক-হেলপার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিনবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৩টা ৩৫ মিনিটের দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত অবস্থায় তাদের উদ্ধার করেন।

Advertisement

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম দুর্ঘটনা ও উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- ট্রাকচালক মো. মিন্টু মন্ডল (৪৫) ও হেলপার মো. ফয়সাল (২৫)। তাদের দুজনের বাড়িই ফরিদপুরের কোতোয়ালি এলাকায়।

আরো পড়ুন

ফায়ার সার্ভিসের সূত্র মতে, ট্রাকটি চট্টগ্রাম থেকে টিনবোঝাই করে যশোরের উদ্দেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে তাদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহত দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

source: Asia Post

Back to top button