বালু উত্তোলনে ব্যবহৃত ২১ মেশিন বিকল, ডুবিয়ে দেওয়া হলো ৪ নৌযান

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১টি লিস্টার মেশিন বিকল করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুভর্তি দুটি বাল্কহেডের ইঞ্জিন বিকল করা হয়। এ ছাড়া একটি বাল্কহেড ও তিনটি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোয়াইনঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে বাংলাবাজার, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত বালির হাওর ও নাইন্দার হাওর, সারী নদীর গোয়াইনঘাট অংশ, জাফলং ব্রিজসংলগ্ন এলাকা, জাফলং চা-বাগানের টাওয়ারসংলগ্ন এলাকা এবং গোয়াইন নদীর লেংগুরা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে গোয়াইনঘাট থানা-পুলিশ সহায়তা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
source: Asia Post








