পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন বাড়ানো নিয়ে বোর্ডের সব সদস্য একমত না হওয়ায় ভোটের মাধ্যমে নতুন কাঠামো চূড়ান্ত হয়।
টানা ১২ ঘণ্টা বৈঠক করে মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়।
বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী বলেন, ‘সর্বনিম্ন গ্রেড চারের ক্ষেত্রে সবাই একমত হতে পারিনি বলে আমরা বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যান হিসেবে গোপন ভোটের ব্যবস্থা করেছি। সর্বসম্মতি ক্রমে তিনটি গ্রেডের মধ্যে গ্রেড ১-এর নিম্নতম মজুরি নির্ধারণ করেছি ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড ২-এ সর্বসম্মতিতে ২০ হাজার টাকা, গ্রেড ৩-এ নির্ধারণ করেছি ১৯ হাজার ২০০ টাকা। সর্বনিম্ন গ্রেড গ্রেড ৪-এ সর্বসম্মতিতে আসতে না পারায় গোপন ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। বোর্ডের চারটি ভোট পরে ১৭ হাজার টাকার পক্ষে। সেই হিসেবে বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ১২৯ ধারা ১ অনুসারে উপস্থিত বোর্ড সদস্যদের উপস্থিতিতে গ্রেড ৪-এর নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোর্ডের ছয় সদস্যের ভোটের মধ্যে ১৭ হাজার টাকার পক্ষে পড়ে চারটি, ১৮ হাজার টাকার পক্ষে বাকি দুটি।
এদিন দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়ে চলে রাত ২টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার ঘোষণা দেন।
* ন্যূনতম বা গ্রেড ৪-এ মজুরি ১৭ হাজার টাকা
* গ্রেড ৩-এ নিম্নতম মজুরি ১৯ হাজার ২০০ টাকা
* গ্রেড ২-এ নিম্নতম ২০ হাজার টাকা
* গ্রেড ১–এ ২১ হাজার ৫০০ টাকা
source: Asia Post








