News

ইউক্রেন যুদ্ধে সহস্রাধিক রুশ সেনার আত্মহত্যা, গোপন নথিতে ভয়াবহ চিত্র

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির অন্তত ১ হাজার ৮৭ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন। এ ছাড়া যুদ্ধক্ষেত্র ও এর কাছাকাছি এলাকায় আগ্নেয়াস্ত্রের আঘাতে আরও ৮৮৫ সেনার মৃত্যু হয়েছে, যাদের মৃত্যুর ধরন বা উদ্দেশ্য নিশ্চিত করা যায়নি। এসব মৃত্যুর কিছু আত্মহত্যা হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের গোপন নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদমাধ্যমটির অনুসন্ধানে এমন কয়েকটি ঘটনার তথ্যও পাওয়া গেছে, যেগুলো সংশ্লিষ্ট পরিবারের কাছে আত্মহত্যা হিসেবে জানানো হলেও সরকারি নথিতে অন্যভাবে লিপিবদ্ধ করা হয়েছে। গবেষক, সামরিক বিশ্লেষক ও রুশ সেনাদের পলায়নে সহায়তাকারী সংগঠনের কর্মীদের ধারণা, আত্মহত্যার প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।

আত্মহত্যা এবং সন্দেহজনক আগ্নেয়াস্ত্রজনিত মৃত্যুর সংখ্যা একত্র করলে তা দাঁড়ায় প্রায় ২ হাজার। অর্থাৎ এ দুই ধরনের মৃত্যুর হিসাব মিলিয়ে রাশিয়ার একটি সামরিক রেজিমেন্টের সমান সেনাসদস্যের প্রাণহানির চিত্র পাওয়া যায়।

গার্ডিয়ানের হাতে আসা তথ্য ইউক্রেন যুদ্ধের প্রায় পাঁচ বছরে রুশ সামরিক বাহিনীর ভেতরের চাপ, মনোবলহীনতা ও মানসিক বিপর্যয়ের একটি বিরল চিত্র তুলে ধরেছে। দীর্ঘদিনের যুদ্ধ, ব্যাপক প্রাণহানি, কঠোর সামরিক শৃঙ্খলা এবং ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিতে বাধ্য হওয়ার আশঙ্কা সেনাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন

কমান্ড পোস্ট থেকে জঙ্গলে গিয়ে আত্মহত্যা

২০২৪ সালের অক্টোবরের শেষ দিকে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের একটি সামরিক সদর দপ্তরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন রুশ সার্জেন্ট আলেক্সেই বলগভ। একদিন ফোনে স্ত্রী নাতালিয়াকে তিনি বলেছিলেন, ‘এখানে যা ঘটছে, তা ভয়াবহ। বাড়ি ফিরলে তোমাকে সব বলব।’

কিন্তু ২৯ বছর বয়সী এই সেনার আর বাড়ি ফেরা হয়নি। স্ত্রীর সঙ্গে ওই কথোপকথনের পাঁচ সপ্তাহ পর, নিজের ২৯তম জন্মদিনের কিছুদিনের মধ্যেই আত্মহত্যা করেন তিনি।

গার্ডিয়ানের হাতে আসা তার ইউনিটের কমান্ডারের লিখিত বিবরণ অনুযায়ী, অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের স্তেপোভে গ্রামের কাছে ইউনিটের কমান্ড পোস্ট থেকে প্রায় ৩০০ মিটার দূরের একটি জঙ্গলে গিয়ে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান বলগভ। তার মৃত্যুর বিবরণে কমান্ডার লিখেছেন, ‘মৃত্যুর দিন বলগভ নিজেকে গুটিয়ে রেখেছিলেন।’

রসস্ট্যাটের গোপন তথ্য বিশ্লেষণ করে গার্ডিয়ান বলছে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে আত্মহত্যা করা ১ হাজার ৮৭ জন সামরিক সদস্যের একজন বলগভ।

যুদ্ধে সেনাদের আত্মহত্যার ঘটনা অবশ্য শুধু রাশিয়ায় সীমাবদ্ধ নয়। অধিকাংশ যুদ্ধেই সামরিক সদস্যদের মধ্যে এ ধরনের প্রবণতা দেখা যায়। দ্য নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানে দেখা গেছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সক্রিয় দায়িত্বে থাকা অন্তত ১৫৮ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন।

তবে সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার সামরিক বাহিনীতে সমস্যাটি আরও জটিল। সহযোদ্ধা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ, শারীরিক নির্যাতন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ যুদ্ধে পাঠানোর ভয় সেনাদের মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে এমন এক চুক্তিভিত্তিক সামরিক ব্যবস্থা, যেখানে একবার চুক্তিবদ্ধ হলে যুদ্ধ থেকে বেরিয়ে আসার কার্যকর পথ প্রায় বন্ধ হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রব লি বলেন, রুশ সামরিক বাহিনীতে সেনাদের সামনে এগিয়ে যেতে বাধ্য করার জন্য ব্যাপক জবরদস্তি করা হয়।

তিনি বলেন, ‘সেনাদের সামনে এগিয়ে যেতে বাধ্য করতে রুশ সামরিক বাহিনী যে ব্যাপক চাপ প্রয়োগ করে, তা স্পষ্ট। কিছু ক্ষেত্রে তাদের ওপর নির্যাতন চালানো হয়, শারীরিক নিপীড়ন করা হয় এবং বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হতে হয়। ফলে কিছু সেনা আত্মহত্যা করলে তা বিস্ময়কর নয়।’

১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদ বিশ্লেষণ

গার্ডিয়ানের হাতে আসা তথ্যের উৎস রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদের একটি বিশাল তথ্যভান্ডার। বেলারুশের সরকারবিরোধী হ্যাকিং গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের হ্যাকার সংগঠন সাইলেন্ট ক্রো যৌথভাবে এসব তথ্য সংগ্রহ করে।

রুশ সরকার সামরিক বাহিনীর সদস্যদের আত্মহত্যার কোনো পরিসংখ্যান প্রকাশ করে না। এমনকি যুদ্ধে দেশটির সামরিক বাহিনীর প্রাণহানির হিসাবও রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় রাখা হয়েছে।

গার্ডিয়ানের শনাক্ত করা ১ হাজার ৮৭টি আত্মহত্যার ঘটনার মধ্যে অন্তত ৬১৪টি ঘটেছে ইউক্রেনের অধিকৃত অঞ্চল অথবা ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বিভিন্ন এলাকায়। এসব এলাকার মধ্যে বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক ঘটনা ঘটেছে। আরও ১১৩টি মৃত্যুর ক্ষেত্রে ঘটনাস্থলের উল্লেখ নেই।

আত্মহত্যার অর্ধেকের বেশি ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় এ ধরনের ঘটনা বেশি ঘটেছে। সামরিক ক্যাম্প, যুদ্ধের অবস্থান, প্রশিক্ষণকেন্দ্র এবং ব্যক্তিগত বাসভবনেও সেনাদের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আত্মহত্যা করা সেনাদের মধ্যে ১৮ ও ১৯ বছর বয়সী ৪৩ জন তরুণ রয়েছেন। এ ছাড়া যুদ্ধক্ষেত্র থেকে দূরে রাশিয়ার বিভিন্ন এলাকায় ২৫ বছরের কম বয়সী আরও ১০৮ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন।

তাদের কেউ কেউ বাধ্যতামূলক সামরিক দায়িত্বে নিয়োজিত সেনা বা কনস্ক্রিপ্ট হতে পারেন। রাশিয়ার নিয়ম অনুযায়ী, কনস্ক্রিপ্টদের আনুষ্ঠানিকভাবে ইউক্রেন যুদ্ধে পাঠানোর কথা নয়। তবে তাদের অনেককেই সামরিক চুক্তিতে সই করতে চাপ দেওয়া হয়েছে। এর ফলে তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা সম্ভব হয়েছে।

প্রতি বছর বাড়ছে আত্মহত্যার সংখ্যা

রসস্ট্যাটের তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, রুশ সেনাদের আত্মহত্যার সংখ্যাও তত বেড়েছে। ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর বছর আত্মহত্যার ঘটনা ছিল ৫০টির বেশি। ২০২৪ সালে তা বেড়ে ২০০ ছাড়ায়। ২০২৫ সালে সংখ্যাটি সর্বোচ্চ ৩৬৫-এ পৌঁছায়। রাশিয়ার সামরিক বাহিনীর সামগ্রিক প্রাণহানি বৃদ্ধির সঙ্গেও এ প্রবণতার মিল রয়েছে।

২০২৬ সালের তথ্য এখনো অসম্পূর্ণ। যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতির তুলনায় এসব তথ্য হালনাগাদ হতেও দেরি হচ্ছে। তা সত্ত্বেও এ বছর এরই মধ্যে প্রায় ৩০০ সেনার আত্মহত্যার তথ্য নথিভুক্ত হয়েছে। যুদ্ধ শুরুর পর কোনো এক বছরে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।

তবে রুশ সেনাদের পলায়নে সহায়তাকারী সংগঠন ও সংশ্লিষ্ট আইনজীবীদের ধারণা, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। রুশ সেনাদের সামরিক বাহিনী থেকে পালাতে সহায়তা করা সংগঠন ইদিতে লেসমের মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভ বলেন, ‘আমি বলব, এই হিসাব প্রকৃত সংখ্যার চেয়ে কম। বাস্তবে সংখ্যাটি যে অনেক বেশি, তা স্পষ্ট।’

যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে চুভিলিয়ায়েভ বলেন, সামনের সারি যেন একটি টিনের কৌটা, যেখান থেকে বাইরের পৃথিবীতে খুব সামান্য তথ্যই পৌঁছায়। তার ভাষায়, ‘যুদ্ধসংক্রান্ত অন্য সব পরিসংখ্যানের মতো রসস্ট্যাটের যেকোনো পরিসংখ্যানও মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবেদননির্ভর।’

চুভিলিয়ায়েভের অভিযোগ, কোনো সেনা আত্মহত্যা করলেও সরকারি কাগজপত্রে তাকে বীর হিসেবে দেখানো হতে পারে। এমনকি তার পরিবারের কাছে কোনো পদকও পাঠানো হতে পারে। প্রকৃত সংখ্যা জানার বিষয়ে কর্মকর্তাদের আগ্রহ খুবই কম বলেও মনে করেন তিনি। কারণ, আত্মহত্যার প্রকৃত হিসাব প্রকাশ পেলে তা সামরিক বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়েও প্রশ্নের জন্ম দেবে।

যুদ্ধক্ষেত্রের মৃত্যুর হিসাবেও আড়াল হচ্ছে আত্মহত্যা

রুশ সেনাদের আত্মহত্যার প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হওয়ার আরেকটি কারণ হলো, যুদ্ধক্ষেত্রে ঘটে যাওয়া অনেক আত্মহত্যাকে সাধারণ যুদ্ধের প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হচ্ছে।

চুভিলিয়ায়েভ ও রব লির মতে, যুদ্ধক্ষেত্রে অনেক সেনা আহত হওয়ার পর অথবা ইউক্রেনীয় ড্রোন এগিয়ে আসতে দেখে নিজেরাই জীবন শেষ করে দিচ্ছেন। কিন্তু এসব মৃত্যুর অধিকাংশই সম্ভবত যুদ্ধক্ষেত্রে নিহত হওয়ার ঘটনা হিসেবে নথিভুক্ত হচ্ছে। যুদ্ধের সামনের সারি থেকে প্রকাশিত বেশ কিছু ভয়াবহ ভিডিওতেও এ ধরনের ঘটনার প্রমাণ পাওয়া গেছে।

রসস্ট্যাটের তথ্যেও এ ধরনের অসংগতি দেখা যায়। এর একটি উদাহরণ ৬২ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল সের্গেই সাভেনোক। রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলের বাসিন্দা সাভেনোক ২০২২ সালের সেপ্টেম্বরে স্বেচ্ছায় যুদ্ধে যোগ দেন।

যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে যুদ্ধে যেতে প্রস্তুত সেনাদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। সেই বক্তব্যের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি নিজেও দনবাসের মানুষ। চলো, ওদের শেষ করে দিই, ছেলেরা! ব্যস, এটুকুই!’

তার বক্তব্যের পর উপস্থিত ব্যক্তিরা হাততালি দেন। কিন্তু ২০২৩ সালের জুলাইয়ে অধিকৃত লুহানস্ক অঞ্চলে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। সাভেনোকের স্ত্রী ইয়েলেনাকে সরকারি কর্মকর্তারা জানান, তার স্বামী আত্মহত্যা করেছেন।

তবে রসস্ট্যাটের আত্মহত্যার তালিকায় তার নাম নেই। বরং তার জন্মতারিখের সঙ্গে মিলে যায় এমন একটি মৃত্যুর নথিতে বলা হয়েছে, হাতে বহনযোগ্য আগ্নেয়াস্ত্রের গুলিতে আহত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে গুলিটি কী উদ্দেশ্যে ছোড়া হয়েছিল, তা নির্ধারণ করা যায়নি।

গার্ডিয়ান একই ধরনের মৃত্যুর কারণ উল্লেখ থাকা সামরিক সদস্যদের ১ হাজার ৩৮টি মৃত্যুর ঘটনা শনাক্ত করেছে। এর মধ্যে ৮৮৫টি ঘটেছে ইউক্রেন অথবা রাশিয়ার সীমান্তবর্তী কোনো অঞ্চলে।

একই ধরনের অসংগতি রয়েছে ২১ বছর বয়সী রুশ সেনা আলেক্সান্ডার লাজোরের মৃত্যুর ক্ষেত্রেও। ২০২২ সালের গ্রীষ্মে দোনেৎস্ক অঞ্চলের সলোদকে গ্রামের কাছে তার মৃত্যু হয়। পরিবারকে জানানো হয়েছিল, তিনি যুদ্ধে নিহত হয়েছেন। রসস্ট্যাটের নথিতেও তার মৃত্যুর কারণ হিসেবে আগ্নেয়াস্ত্রের আঘাতে যুদ্ধজনিত ক্ষতের কথা উল্লেখ রয়েছে।

কিন্তু লাজোরের সঙ্গে একই ইউনিটে দায়িত্ব পালন করা দুই সেনা গার্ডিয়ানকে জানিয়েছেন, তাদের ইউনিটের সদস্যদের বলা হয়েছিল, লাজোর আত্মহত্যা করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন বলেন, ‘আমাদের পুরো ইউনিটকে জানানো হয়েছিল, সে আত্মহত্যা করেছে। সম্ভবত তারা বিষয়টি আড়াল করার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে আমাদের ইউনিটের ভাবমূর্তি খারাপ না হয়।’

সেনাদের মধ্যে বাড়ছে পলায়ন ও দায়িত্ব পালনে অস্বীকৃতি

রুশ সেনাদের আত্মহত্যার ঘটনা দেশটির সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সংকটের একটি দিক মাত্র। দীর্ঘদিনের যুদ্ধ ও কঠোর সামরিক পরিবেশের কারণে সেনাদের মধ্যে দায়িত্ব পালনে অনীহা, ইউনিট ছেড়ে পালানো এবং সামরিক আদেশ অমান্য করার ঘটনাও বাড়ছে।

স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের শেষ নাগাদ সামরিক দায়িত্ব পালনে অস্বীকৃতির অভিযোগে রাশিয়ার সামরিক আদালতগুলোতে ২০ হাজার ৬৬২ জন সেনার বিরুদ্ধে মামলা হয়েছিল। তাঁদের অধিকাংশের বিরুদ্ধেই অনুমতি ছাড়া দায়িত্বস্থল ত্যাগ বা অনুপস্থিত থাকার অভিযোগ ছিল।

স্বাধীন অনুসন্ধানী সংবাদমাধ্যম আইস্টোরিজ এই তথ্য যাচাই করে জানিয়েছে, রুশ সশস্ত্র বাহিনীর অন্তত ৪৯ হাজার সদস্যকে পলাতক অথবা অনুমতি ছাড়া অনুপস্থিত (এডব্লিউওএল) হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইদিতে লেসমের মুখপাত্র চুভিলিয়ায়েভ বলেন, তাদের সংগঠনের সহায়তা নেওয়া রুশ সেনাদের মধ্যে আত্মহত্যার চিন্তা খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। তিনি বলেন, ‘অবশ্যই এমন চিন্তা আসে। একজন মানুষ যখন বুঝতে পারেন, তিনি কোথায় এসে পড়েছেন, তখন পরবর্তী ধাপ হিসেবেই এ ধরনের চিন্তা সামনে আসে।’

বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ নির্যাতন, বিপজ্জনক অভিযানে যেতে বাধ্য করার চাপ এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগ না থাকায় রুশ সেনাদের মধ্যে মানসিক বিপর্যয় বাড়ছে। প্রায় পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি সেনাদের মানসিক অবস্থার এই চিত্রও রাশিয়ার সামরিক বাহিনীর ওপর দীর্ঘস্থায়ী যুদ্ধের চাপের গভীরতা তুলে ধরছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

source: Rajneete

আরো দেখুন
Close
Back to top button