আ.লীগ ঠেকাতে বহিষ্কৃতদের ফেরাচ্ছে বিএনপি, আলোচনায় নীরব-টিপু-ফিরোজসহ ৫০০ নেতা

সারা দেশের অন্তত ৫০০ বহিষ্কৃত নেতাকর্মীকে দলে ফেরানোর পরিকল্পনা করছে বিএনপি। নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে এই পথে হাঁটছে দলটি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে দলকে সুসংহত করাও এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে দলের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত হন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এখন দলে ফেরার সম্ভাব্য তালিকায় নাম রয়েছে তার। বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নামও রয়েছে তালিকায়। আলোচনায় আছেন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দলে ফেরায় বিএনপি। দলীয় সূত্র জানায়, বাকিদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসবে। বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশ নেতাকর্মী ইতিমধ্যে দলে ফেরার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করে পাঁচ শতাধিক নেতাকে ফেরানোর পরিকল্পনা রয়েছে, যাদের মধ্যে ৮০-৮৫ জন গত সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন। এর বাইরে জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন কারণে বহিষ্কৃত নেতারাও আলোচনায় রয়েছেন। শিগগিরই তাদের কাছে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হতে পারে।
বহিষ্কৃতদের ফেরানোর পাশাপাশি দলীয় কোন্দল মিটিয়ে তৃণমূলে সংগঠনের ভিত আরও জোরালো করতে চায় বিএনপি। দলের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মাদ মুনির হোসেন এশিয়া পোস্টকে বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে নেওয়ার অংশ হিসেবে বহিষ্কৃতদের দলে ফেরানোর আলোচনা চলছে। অপরাধ বিবেচনায় কয়েকটি ধাপে পর্যায়ক্রমে সবাইকে দলে ফেরানোর সিদ্ধান্ত আসবে।’
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা অভিযোগে তখন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএনপি। এর মধ্যে বিভিন্ন পদের ২ হাজার ৬০০-এরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। নির্বাচনের আগে বহিষ্কৃতদের একটি ক্ষুদ্র অংশকে দলে ফিরিয়ে নেওয়া হয়।
সংসদ নির্বাচন ঘিরে বিদ্রোহী প্রার্থী হওয়া ও তাদের পক্ষ নেওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় আরও অন্তত ১৯০ নেতা বহিষ্কৃত হন। তাদের অনেকে কেন্দ্র ও তৃণমূলের বিভিন্ন পদে ছিলেন। স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগ হেরে গেলেও জয়ী হন সাতজন। বহিষ্কৃতদের মধ্যে ৯১ জন বিদ্রোহী প্রার্থী ছিলেন। এই নেতাদের অনেকে এখন দলে ফিরতে আগ্রহী। তবে ফেরার সম্ভাব্য তালিকায় নাম নেই বিএনপির একসময়ের আলোচিত নেত্রী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এশিয়া পোস্টকে বলেন, ‘সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।’
অপরাধের মাত্রা বিবেচনা করে বহিষ্কৃত নেতাদের পুনরায় ‘ঘরে ফেরানোর’ পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘এক-দুই যুগ ধরে যাদের দলে অবদান ও ত্যাগ রয়েছে, তাদের ছোটখাটো যে ত্রুটিগুলো আছে, সেগুলো যদি নীতিনির্ধারকরা সংশোধনযোগ্য মনে করেন, তবে তাদের ফিরিয়ে আনা উচিত। ভবিষ্যতের জন্য একটি কঠোর সতর্কবার্তা দিয়ে তাদের পুনরায় দল করার সুযোগ দেওয়া যেতে পারে।’
সম্ভাব্য তালিকায় যারা
বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ফেরার তালিকায় আছেন লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১), এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
এ ছাড়া আরও রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ আলী, যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।
সম্ভাব্য তালিকায় আছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য প্রকৌশলী মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী। কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়ার নামও আলোচনায় রয়েছে।
মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য রয়েছেন আলোচনায়। তালিকায় আরো আছেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী প্রমুখ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ৭ নভেম্বর রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় প্রথম সারিতে দেখা যায় সাইফুল আলম নীরবকে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নীরবকে ডেকে সঙ্গে নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-১২ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন নীরব। বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে তিনি সক্রিয় ছিলেন। এ কারণে তিনি ও তার পরিবার নিপীড়নের শিকার হন। তার বিরুদ্ধে ৪৫৭টি রাজনৈতিক মামলা রয়েছে এবং তিনি একাধিকবার কারাবরণ করেছেন। বহিষ্কৃত হওয়ার পরও দলের বিভিন্ন সভা-সেমিনারে নেতাকর্মীদের নিয়ে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে।
সাইফুল আলম নীরব এশিয়া পোস্টকে বলেন, ‘শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি। বিএনপির বাইরে আমার কোনো ঠিকানা নেই। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত বিএনপিতেই থাকতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিসহ বিএনপির সব রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছি। দলের সব কর্মসূচি আমার নির্বাচনি এলাকায় পালন করছি। দলের সঙ্গে ছিলাম, আছি। আগামী দিনেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি করে যাব।’ দলে ফেরার বিষয়ে শীর্ষ নেতৃত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ঝিনাইদহ-৪ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে বহিষ্কৃত হওয়া সাইফুল ইসলাম ফিরোজও এখন দলে ফিরতে চান। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘দল আমাদের বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে। আশা করি, আমাদের ত্যাগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্তটি শিগগিরই পুনর্বিবেচনা করবে। বিএনপির বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। একজন সাধারণ কর্মী হিসেবে সারাজীবন এই দলেই রাজনীতি করতে চাই।’
বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও ফেরার তালিকায় আছেন। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছি তারা গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মী ছিলাম। দলের দুঃসময়ে মাঠে সাহসী ভূমিকা রেখেছি। তাই তারা কেন নির্বাচনে দাঁড়াল তা খুঁজে বের করা উচিত। দলের বাইরে গিয়েও তারা প্রত্যেকে বিশাল ভোট পেয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ এখনও তাদের সঙ্গে রয়েছেন। দল এখন আমাদের কীভাবে কাজে লাগাবে এটা বিবেচনা করবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এশিয়া পোস্টকে বলেন, ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিয়েছে। দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। তারা যদি তাদের ভুল স্বীকার করে আবেদন করে, দল নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবে। আর তারা যদি দলকে সত্যিকার অর্থে ভালোবাসে, অবশ্যই তাদেরকে দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এশিয়া পোস্টকে বলেন, ‘দলে অনেক অবদান থাকার পরও মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যখন কঠোর সাংগঠনিক শাস্তি দিতে হয়। তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা আমরা আনন্দের সঙ্গে দেইনি; খুব কষ্ট নিয়েই দল এই সিদ্ধান্ত নিয়েছে। এখন এ ব্যাপারে দল কী সিদ্ধান্ত নেয় সেটিই দেখার বিষয়।’
নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির আরেক সদস্য এশিয়া পোস্টকে বলেন, জাতীয় নির্বাচন ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যারা বহিষ্কৃত হয়েছেন, তারাও দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা। তবে কিছু সময় দলের বৃহত্তর স্বার্থে ও শৃঙ্খলা বজায় রাখতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এসব বহিষ্কারের বিষয়ে শীর্ষ নেতৃত্ব অবগত আছেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।
source: Asia Post








