এক দশক ধরে বেহাল রাজাপুরের ১০ কিলোমিটার সড়ক

কোথাও পিচঢালাই উঠে গেছে, কোথাও বেরিয়ে এসেছে ইট-খোয়া, আবার কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাট থেকে উপজেলা সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক এমন বেহাল। গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, দশ কিলোমিটার এই সড়কের আশপাশে রয়েছে কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ ১০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া এ অঞ্চলের শিক্ষার্থীরা রাজাপুর সরকারি কলেজ, আলহাজ্ব লালমহন হামিদ মহিলা কলেজ, রাজাপুর ফাজিল মাদ্রাসা, রাজাপুর পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়।
খানাখন্দে ভরা এই সড়কে চলাচল করতে গিয়ে শুধু শিক্ষার্থী নয়, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে উপজেলা সদর কিংবা হাসপাতালে যেতেও পড়তে হচ্ছে চরম বিপাকে। সড়কের বড় বড় গর্তে যানবাহন বারবার ঝাঁকুনি খাওয়ায় অসুস্থ রোগীদের দুর্ভোগ আরও বাড়ছে। দিনের বেলায় কোনোভাবে যানবাহন চলাচল করলেও সন্ধ্যার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর ধরে সড়কটির দুরবস্থা চললেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে।
রাজাপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার বলেন, আমাদের প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় চলাচল করতে খুব কষ্ট হয়। বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়, তখন বোঝা যায় না কোথায় গর্ত আর কোথায় রাস্তা। অনেক সময় যানবাহনে ঝাঁকুনি লাগে, আবার হেঁটে চলতেও সমস্যা হয়। দ্রুত সড়কটি সংস্কার করা হলে আমাদের মতো শিক্ষার্থীদের ভোগান্তি কমবে।
রাজাপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাজিব হাওলাদার বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন কলেজে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা। যানবাহন খুব ধীরে চলাচল করে, ফলে কলেজে যেতে অনেক বেশি সময় লাগে। সন্ধ্যার পর অনেক ইজিবাইক চলাচল করতে চায় না। এতে জরুরি প্রয়োজনে উপজেলা সদরে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে।
ইজিবাইকচালক হারুন হাওলাদার বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চালানো খুবই কষ্টকর। রাস্তায় অসংখ্য গর্ত থাকায় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ প্রায়ই নষ্ট হয়। আয় যা হয়, তার বড় একটি অংশ গাড়ি মেরামতেই চলে যায়। দিনের বেলায় ঝুঁকি নিয়ে গাড়ি চালালেও সন্ধ্যার পর গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই অনেক সময় রাতে গাড়ি চালানো বন্ধ রাখতে হয়।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী এস এম জিয়াউল হক বলেন, সড়কটি নির্মাণের জন্য ইতোমধ্যে অনুমোদন পাওয়া গেছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই নির্মাণকাজ শুরু করা হবে।
source: Asia Post







