বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলায় মো. ছায়েব আলী নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়ার পর থানা থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এনসিপির নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ছায়েব আলী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আখাউড়া থানায় দায়ের করা ১৫ নম্বর মামলার ৮১ নম্বর এজাহারভুক্ত আসামি ছায়েব আলী। তাকে আটকের পর থানায় নিয়ে আসা হলে উপজেলা এনসিপির নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
এদিকে ছায়েব আলীকে আটকের খবর ছড়িয়ে পড়লে এনসিপির আরও শতাধিক নেতাকর্মী থানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেন।
আখাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিস্ফোরক মামলার ৮১ নম্বর এজাহারভুক্ত আসামি ছায়েব আলী। তাকে আটকের খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানার সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অন্যদিকে এনসিপি নেতাকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ তুলে তার মুক্তি দাবি করে রাতেই বিবৃতি দেয় জেলা এনসিপি। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠককে বাধাগ্রস্ত ও ভণ্ডুল করার উদ্দেশ্যে আখাউড়া থানার পুলিশ ছায়েব আলীকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং ছায়েব আলীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ছায়েব আলীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
source: Asia Post







