দশকের পর দশক সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি তারা

সারা দেশে নতুন নিয়োগ পাওয়া সারের ডিলারের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দলীয়করণ, স্বজনপ্রীতি এবং অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে। এতে ২০, ৩০ বা ৫০ বছর ধরে যারা সার বিক্রি করছেন, তাদের অনেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় স্থান পেয়েছেন রাজনৈতিক নেতাকর্মী ও তাদের স্বজনরা, যাদের অনেকের আগে সার বা এ ধরনের কোনো ব্যবসা ছিল না।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে ২০০২ সাল থেকে সার বিক্রির সঙ্গে যুক্ত মো. শোভন। এবার আবেদন করলেও ঠাঁই হয়নি তালিকায়। তার অভিযোগ, রাজনৈতিক পরিচয় না থাকায় ডিলার হতে পারেননি।
চর কাদিরা ইউনিয়নের শাহেদ হাওলাদার প্রায় এক যুগ ধরে ব্যবসা করছেন। এবারের তালিকায় তারও নাম নেই। কমলনগরের চর মার্টিনে তারেক রহমান ওরফে রকির পরিবারের সার ব্যবসার বয়স প্রায় ৫০ বছর। তাদের প্রতিষ্ঠান আগে ডিলার ছিল। বিগত আওয়ামী লীগ আমলে সেটি বাতিল হয়। উপজেলা যুবদলের সদস্য হয়েও এবার সারের ডিলারশিপ পাননি তিনি।
ঠাকুরগাঁওের বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়নে ২৭ বছর সার ব্যবসা করেও ডিলার হতে পারেননি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওহাব। তার ভাষ্য, টাকা না থাকলে ডিলারশিপ জোটে না। রানীশংকৈলের বটতলী বাজারের ব্যবসায়ী জয়নাল আলীর অভিযোগ, দলীয় বিবেচনায় অযোগ্যদের নেওয়া হয়েছে, বেশির ভাগের অভিজ্ঞতা বা গুদাম নেই।
মানিকগঞ্জের সাটুরিয়ায় দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাবা মোহাম্মদ আজহার আলী প্রায় ৪০ বছর ধরে সার ব্যবসা করছেন। এই পরিবার তিন পুরুষ ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত। এবারও তালিকায় নাম না আসায় সাদ্দাম দলীয় পদ ছেড়েছেন। তার ভাষায়, ‘আমাদের পেটে লাথি দেওয়া হলো।’
সাতক্ষীরার তালায় মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিনুর ইসলাম প্রায় ১৭ বছর ধরে সার ও কীটনাশকের ব্যবসা করছেন। তিনি সংবাদ সম্মেলনে নিয়োগ বাতিল ও পুনরায় যাচাইয়ের দাবি করেছেন।
বাগেরহাট সদরের বেমরতা ইউনিয়নে মায়ের আঁচল ট্রেডার্সের আবুল কালাম আজাদের ১০ হাজার বর্গফুটের বেশি গুদাম আছে। তার অভিযোগ, তার অনুপস্থিতিতে গুদাম পরিদর্শন হয়েছে। কিন্তু ডিলারের তালিকায় নাম নেই তার।
কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে সিরাজ অ্যান্ড ব্রাদার্সের মালিক সিরাজ উল্যাহ দীর্ঘদিন খুচরা সার, বীজ ও কীটনাশক বিক্রি করছেন। আবেদন করেও তার নাম তালিকায় নেই।
source: Asia Post







