সরকারিভাবে ৩৭০ কর্মী নেবে ব্রুনাই, সোমবার থেকে আবেদন শুরু

সরকারিভাবে ব্রুনাই দারুসসালামে ৩৭০ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ব্রুনাইয়ের ১৯টি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে এ কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পদের বিবরণ ও বেতন
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রাজমিস্ত্রি, রঙমিস্ত্রি, কাঠমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, অটোমোটিভ মেকানিক, মেশিন অপারেটর, ড্রাইভার, নাপিত, ফোরম্যান ও সাধারণ শ্রমিকসহ বিভিন্ন পদে মোট ৩৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। অধিকাংশ পদের ক্ষেত্রে দৈনিক মজুরি ২০-২৩ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে। অটোমোটিভ মেকানিক ও ড্রাইভার পদের জন্য মাসিক বেতন ধরা হয়েছে ৬৫০ ব্রুনাই ডলার।
যোগ্যতা ও বয়সসীমা
পদভেদে প্রার্থীদের বয়স ২০-৫০ বছরের মধ্যে হতে হবে। পদ অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে (কিছু সাধারণ শ্রমিক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ন্যূনতম ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকার শর্তের লথা বলা হয়েছে। তবে ইংরেজি ও মালয় (মালয়েশিয়া) ভাষা জানা প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির শর্তাবলি ও সুযোগ-সুবিধা
শর্তানুযায়ী, চাকরির চুক্তির মেয়াদ ২ বছর, যা পরবর্তীতে নবায়নযোগ্য। দৈনিক ৮ ঘণ্টা ডিউটি করতে হবে। কর্মীদের আবাসন ব্যয় ও বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে, তবে খাবারের ব্যয় কর্মীকে নিজ উদ্যোগে বহন করতে হবে। এ ছাড়া ওভারটাইম, মেডিকেল, বিমা ও ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্যাদিসহ বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটে (oep.gov.bd) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে আগামীকাল ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে। চলবে ২৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইনে আবেদনের সময় অফেরতযোগ্য ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।
নির্বাচন ও খরচ
প্রাথমিক বাছাই শেষে শর্টলিস্টেড প্রার্থীদের বোয়েসেল (BOESL) অথবা ওইপি (OEP) নির্ধারিত পোর্টাল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে চূড়ান্ত ইন্টারভিউয়ের সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষ কর্মীর ক্ষেত্রে ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ/অদক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৬ হাজার ৮৫০ টাকা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও মেডিকেল টেস্টের খরচ কর্মীকে বহন করতে হবে।
বিদেশগামী কর্মীদের প্রতারক চক্রের হাত থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বোয়েসেল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মী নিয়োগ প্রক্রিয়ায় তাদের কোনো এজেন্ট বা প্রতিনিধি নেই এবং কোনো প্রকার নগদ অর্থ গ্রহণ করা হয় না।
source: Asia Post







