News

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে এক লাখ টাকা দিলেন ডিসি ফরিদা

দৃষ্টিশক্তি নেই দুজনেরই। জীবিকার অবলম্বন ভিক্ষাবৃত্তি। ওয়ারিশ সূত্রে পাওয়া জমি থাকলেও শরিকদের সঙ্গে বিরোধের কারণে সেখানে গড়ে ওঠেনি তাদের নিরাপদ আশ্রয়। দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি বিপদভঞ্জন পাল ও মায়া রানী পালের পাশে দাঁড়িয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। তাদের ঘর নির্মাণের জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে দম্পতির হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

Advertisement

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নিরাপদ আশ্রয় মানুষের মৌলিক চাহিদার অন্যতম। দৃষ্টিপ্রতিবন্ধী এই দম্পতির দীর্ঘদিনের অসহায়ত্ব ও দুর্ভোগের কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। এই সহায়তার মাধ্যমে তাদের ঘর নির্মাণের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করি। একই সঙ্গে জমি-সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই, তারা নিজেদের জমিতে একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলে স্বস্তি ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।

ধামরাই উপজেলার কেলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপদভঞ্জন পাল ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান। তার স্ত্রী মায়া রানী পাল জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। দুজনেরই দৃষ্টিশক্তি না থাকায় দৈনন্দিন জীবনযাপন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও তারা সংসার চালিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন

এই দম্পতির একমাত্র ছেলে সদানন্দ পাল একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। তার সীমিত আয়ে পরিবারের প্রয়োজন মেটানো সম্ভব হয় না। ফলে বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও বিপদভঞ্জন ও মায়া রানীকে জীবিকার জন্য ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করতে হচ্ছে।

এর আগে প্রায় তিন মাস আগে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের দুই বান্ডিল টিন ও ১৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে ঘর নির্মাণের কাজ সম্পন্ন করতে পারেননি তারা। ওয়ারিশ সূত্রে পাওয়া ৩ শতাংশ জমি থাকলেও শরিকদের সঙ্গে বিরোধের কারণে সেখানে ঘর নির্মাণে জটিলতা তৈরি হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের মাধ্যমে জমির বিরোধ দ্রুত নিষ্পত্তি করে দম্পতির নামে নামজারির ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে মিসকেস রুজু করা হয়েছে।

জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় নিজেদের জমিতে ঘর নির্মাণের আশায় নতুন করে স্বপ্ন দেখছেন বিপদভঞ্জন পাল ও মায়া রানী পাল। জমি-সংক্রান্ত জটিলতা নিরসন ও নামজারি সম্পন্ন হলে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটবে। গড়ে উঠবে একটি নিরাপদ আশ্রয়, যেখানে জীবনের বাকি দিনগুলো কিছুটা স্বস্তি ও নিশ্চয়তায় কাটাতে পারবেন তারা।

source: Asia Post

Back to top button