News

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ কার্গো জাহাজে আগুন

বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার হয়ে আগুন ধরে গেছে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজে। স্পার্টা-২ নামের জাহাজটির ১৬ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হামলার পর জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেন এই হামলার জন্য দায়ী বলে ধারণা করছে ফিনল্যান্ডের সামরিক কর্তৃপক্ষ। তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

শনিবার আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে জাহাজটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর তথ্য, একাধিক ড্রোন জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানে। এতে জাহাজে আগুন ধরে যায়। পরে সেটি ফিনল্যান্ডের জলসীমার দিকে ভেসে আসে।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলজিন জানান, জাহাজটির ১৬ সদস্যের নাবিক দল প্রথমে লাইফবোটে করে সরে যান। পরে তাদের কাছাকাছি থাকা আরেকটি রুশ জাহাজে নেওয়া হয়। তারা রাশিয়ায় ফিরে যাচ্ছেন। উদ্ধার অভিযানে ফিনল্যান্ডের পাশাপাশি সুইডেন ও এস্তোনিয়াও সহায়তা করেছে।

আরো পড়ুন

ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুয়িতিনেন বলেন, হামলার পেছনে ইউক্রেনের থাকার সম্ভাবনা রয়েছে। তবে কেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেন বা রাশিয়া— কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

স্পার্টা-২ জাহাজটির মালিক রাশিয়ার রাষ্ট্রীয় পরিবহন প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকা। প্রতিষ্ঠানটি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য সামরিক সরঞ্জাম ও অন্যান্য পণ্য পরিবহনের কাজ করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাতেও রয়েছে জাহাজটির মালিক প্রতিষ্ঠান। জাহাজটিতে কী পণ্য ছিল, তা নিশ্চিত করতে পারেনি ফিনল্যান্ডের কর্তৃপক্ষ। তবে এতে সামরিক সরঞ্জাম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় উদ্ধার অভিযানের মধ্যে একটি রুশ হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছিল বলেও সন্দেহ করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ড্রোন হামলা বেড়েছে। এসব হামলার কিছু ড্রোন বাল্টিক অঞ্চলের আকাশসীমার কাছাকাছিও পৌঁছেছে। ফলে ন্যাটোর সদস্য ফিনল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্পার্টা-২-এ হামলা সেই উদ্বেগ আরও বাড়িয়েছে।

source: Rajneete

Back to top button