News

বায়োজিনের কারখানায় যা দেখলাম তা অবিশ্বাস্য: ভোক্তা কর্মকর্তা শরিফুল

ছয় মাস আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া বিভিন্ন উপাদান ও কেমিক্যাল নিয়ে কসমেটিকস পণ্য উৎপাদন করে বায়োজিন। বিষয়টি হাতেনাতে ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ উপাদান ও কেমিক্যালে তৈরি এসব পণ্য ঢাকাসহ বায়োজিনের ২৪টি শাখায় বিক্রি করা হয়। এ ছাড়া ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে অনলাইনেও এসব পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলায় বায়োজিনের পণ্য উৎপাদনকারী কারখানা ‘গ্রীন বায়োটেকনোলজি’তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। অভিযানে আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের একটি দল উপস্থিত ছিল। এ সময় প্রতিষ্ঠনটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, বায়োজিনের কারখানায় এসে যা দেখলাম, তা অবিশ্বাস্য। যেসব রাসায়নিক ব্যবহার করে পণ্য তৈরি করা হচ্ছে, সেগুলোরই মেয়াদ নেই। এতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে।

জব্দ করা বিভিন্ন ধরনের কাঁচামাল ধ্বংস করা হবে জানিয়ে শরিফুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি বায়োজিন ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী পণ্য তৈরি করে। উৎপাদন কার্যক্রম পরিদর্শনে আকস্মিক অভিযান চালিয়ে সেখানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক পাওয়া যায়। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে বায়োজিনের হটলাইনে কল করলে শাপলা নামের একজন প্রতিনিধি এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা বিষয়টি অবগত রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব।’

আপনাদের কারখানায় মেয়াদোত্তীর্ণ উপাদান ও কেমিক্যাল পাওয়া গেছে কি না এবং জরিমানাও করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের বিস্তারিত বলার সুযোগ নেই। আমরা পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ নেব।’

source: Asia Post

Back to top button