বিএনপিকে সাংস্কৃতিকভাবে দুর্বল ভাবা ঠিক নয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিএনপিকে সাংস্কৃতিকভাবে দুর্বল মনে করার ধারণা সঠিক নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, গত ১৭ থেকে ২০ বছরে দেশের সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে যথাযথ পৃষ্ঠপোষকতা ও পরিচর্যার অভাবে দুর্বলতা তৈরি হয়েছে। এ অবস্থা কাটিয়ে উঠতে সংস্কৃতির সব শাখায় নতুন করে পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের সংস্কৃতির পরিসর অনেক বড়। এর রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। কিন্তু দীর্ঘদিন ধরে শিল্প, সাহিত্য, সংগীত, চিত্রকলা, নৃত্যকলা, বই পড়ার অভ্যাস ও ঐতিহ্য সংরক্ষণসহ সংস্কৃতির প্রায় প্রতিটি ক্ষেত্রে অবহেলা ছিল। যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতার অভাবে এসব ক্ষেত্রে দুর্বলতা তৈরি হয়েছে।
বিএনপির সাংস্কৃতিক অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপিকে সাংস্কৃতিকভাবে দুর্বল মনে করার ধারণা ঠিক নয়। বরং বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিই দীর্ঘদিন অবহেলা ও দুর্বলতার মধ্য দিয়ে গেছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের সংস্কৃতি বিশ্বমঞ্চে সম্মানজনক অবস্থান তৈরি করতে পারবে।
তিনি আরও বলেন, দেশের সংস্কৃতির বিকাশে প্রধানমন্ত্রী আন্তরিক। এ বিষয়ে তিনি একাধিকবার বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নজরুল বর্ষসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
আগামী ডিসেম্বরে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই উৎসবের মাধ্যমে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক ঐতিহ্য ও ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক অনুষঙ্গগুলো নতুন করে সামনে আনা হবে। একই সঙ্গে একটি সুস্থ, সুন্দর ও সাবলীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন তারা। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন না করলেও ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিকতা থেকে তাকে শুভেচ্ছা জানাতে সবাই উপস্থিত হয়েছেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
source: Asia Post








