News

টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিক, আটক ছাত্রলীগের ২০ নেতাকর্মী

গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ও শ্রমিক মৃত্যুর গুজবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল ও পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লেনজারী নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিক গত বৃহস্পতিবার আন্দোলন করে। সেদিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। শনিবার সকালে তাদের কারখানায় গুজব ছড়িয়ে পড়ে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই গুজবে শ্রমিকরা শনিবার সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ওই মহাসড়কের দুই দিকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও বিজিবি সদস্য ঘটনাস্থলে এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। এসময় শ্রমিকরা আইনশৃঙ্খলাকে বাহিনী উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়াল শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ ছিল। পরে তাদের সাউন্ড গ্রেনেড ছুড়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত যান চলাচল স্বাভাবিক আছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ প্রবেশ করেছে। সকালে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে জড়ো হয়ে মহাসড়ক এলে তাদের ২০ জনকে আটক করেছি।

source: Asia Post

Back to top button