যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বিপর্যয়, ৪ ঘণ্টা বন্ধের পর চালু

বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় (এয়ার ট্রাফিক কন্ট্রোল) আকস্মিক টেলিযোগাযোগ ত্রুটির কারণে টানা চার ঘণ্টা অচল থাকার পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের আকাশপথ। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আকাশসীমা পুনরায় খুলে দেওয়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে এই বিপর্যয়ের জেরে ১০ হাজারের বেশি ফ্লাইট ব্যাহত হওয়ায় এখনো ফ্লাইট বিলম্ব ও যাত্রী ভোগান্তির আশঙ্কা কাটেনি। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, মূলত ‘পুরোনো হার্ডওয়্যারের’ যান্ত্রিক ত্রুটির কারণে এই নজিরবিহীন বিপর্যয় দেখা দেয়। টেলিযোগাযোগ ব্যবস্থার সমস্যার উৎস শনাক্ত ও সমাধানের পর স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টা ১৫ মিনিট) আকাশসীমা উন্মুক্ত করে দেওয়া হয়।
সাংবাদিকদের শন ডাফি বলেন, “প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ উড়তে শুরু করেছে। তবে পুরো ব্যবস্থাটি ধীরে ধীরে স্বাভাবিক হবে। এই ধাক্কা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।”
তিনি আরও জানান, বিভিন্ন বিমানবন্দরে এখনো অসংখ্য যাত্রী আটকে আছেন। তবে শনিবারের মধ্যেই উল্লেখযোগ্যসংখ্যক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এর আগে, বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারগুলোর যোগাযোগ ব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দিলে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে দেশজুড়ে সব বহির্গামী ফ্লাইট উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করে এফএএ। হোয়াইট হাউস কর্মকর্তারাও এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্নতাকেই এই সাময়িক বন্ধের কারণ হিসেবে নিশ্চিত করেছিলেন। আকস্মিক এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আটকা পড়েন হাজার হাজার যাত্রী।
source: Rajneete







