News

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ২৩

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে যাত্রীবাহী একটি মিনিবাসের সঙ্গে কনটেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার (১৩ নভেম্বর) কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ২৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন গোলাঘাট জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাজিরাঙা জাতীয় উদ্যান গোলাঘাট জেলায় অবস্থিত। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই উদ্যান একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, জাতীয় সড়ক-৭১৫-এর রঙাজান এলাকায় হাতিখুলি চা-বাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে। মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনার ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর আসামের মন্ত্রী অতুল বরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আহত ব্যক্তিদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এনডিটিভি এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, মিনিবাসটি ‘অত্যন্ত বেশি গতিতে’ চলছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গোলাঘাট জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত করা হবে। যানবাহন দুটি ট্রাফিক আইন মেনেছিল কি না, যাত্রী ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছিল কি না এবং নির্ধারিত গতিসীমা অতিক্রম করা হয়েছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এ ঘটনায় শোক জানিয়েছেন। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

source: Rajneete

আরো দেখুন
Close
Back to top button