ইসরায়েলের আতঙ্কের নাম ‘ফাত্তাহ-২’, ইরানের এই ক্ষেপণাস্ত্র কেন এত ভয়ঙ্কর

ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ-২’ এখন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। উড্ডয়নকালে গতিপথ পরিবর্তনের সক্ষমতার কারণে ক্ষেপণাস্ত্রটি প্রচলিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে দাবি করছে তেহরান।
সংঘাতের শুরু থেকে বিশ্বের অন্যতম উন্নত ও বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েল কেন এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে হিমশিম খাচ্ছে, তা নিয়ে সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে।
সম্প্রতি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা বালালি ফাত্তাহ-২-এর সক্ষমতা নিয়ে বেশ কিছু দাবি করেছেন। তার বক্তব্যের পর ক্ষেপণাস্ত্রটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বালালি জানান, ফাত্তাহ-২ কোনো নির্দিষ্ট ছক বা একক অ্যালগরিদম অনুসরণ করে না। বরং উড্ডয়নকালে একাধিক গাণিতিক পদ্ধতি ব্যবহার করে মুহূর্তের মধ্যে নিজের অবস্থান ও গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে ক্ষেপণাস্ত্রটি পরবর্তী মুহূর্তে কোথায় থাকবে, তা শত্রুপক্ষের রাডারের পক্ষে নির্ভুলভাবে অনুমান করা কঠিন। তার দাবি, এ কারণে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়ে ফাত্তাহ-২ ধ্বংস করাও কঠিন হয়ে পড়ে।
জেনারেল বালালি আরও দাবি করেন, শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা বিশ্লেষণ করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। আক্রমণ কোন দিক থেকে আসছে, প্রতিপক্ষ তা শনাক্ত করার আগেই ফাত্তাহ-২ নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
২০২৩ সালে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় এই ক্ষেপণাস্ত্র। তেহরান একে ‘হাইপারসনিক গ্লাইড ভেহিকল’ (এইচজিভি) হিসেবে বর্ণনা করেছে। সামরিক বিশ্লেষকদের একাংশের ধারণা, ক্ষেপণাস্ত্রটি তৈরিতে উত্তর কোরিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা রয়েছে।

এর গতিপথ ও আঘাত হানার সক্ষমতার সঙ্গে রাশিয়ার ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনা করা হয়। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের পর ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্রটি ভূ-রাজনীতিতে আলোচনায় আসে। চলতি বছরের সংঘাতে ইসরায়েলি স্থাপনায় ফাত্তাহ-২-এর সফল হামলার ভিডিও ফুটেজও সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে।
চলতি বছর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি সুরক্ষিত কমান্ড সেন্টারে হামলায় ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের কর্মকর্তারা সতর্ক করেছিলেন, হাইপারসনিক অস্ত্র প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এদিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্লেষণে ফাত্তাহ-২-এর সক্ষমতার পেছনে কয়েকটি বিষয় উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রটির গতি, গতিপথ পরিবর্তনের প্রযুক্তি, তুলনামূলক কম উৎপাদন খরচ এবং ইসরায়েলের ভৌগোলিক সীমাবদ্ধতা।
অবিশ্বাস্য গতি
ফাত্তাহ-২ ঘণ্টায় শব্দের গতির পাঁচ থেকে ২০ গুণ, অর্থাৎ ম্যাক ৫ থেকে ম্যাক ২০ গতিতে চলতে পারে বলে দাবি করা হয়। ঘণ্টায় প্রায় ২০ হাজার কিলোমিটার গতির কারণে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা, গতিপথ নির্ণয় করা এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার সময় অনেক কমে আসে। তুলনামূলকভাবে, আধুনিক যুদ্ধবিমানের সর্বোচ্চ গতিও সাধারণত ম্যাক ২-এর কাছাকাছি।
গতির এই পার্থক্যের কারণে ক্ষেপণাস্ত্রটি অল্প সময়ের মধ্যে দূরবর্তী লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে।
ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক গ্লাইড যানটি ম্যাক ১৫ বা ঘণ্টায় প্রায় ১৮,৫০০ কিলোমিটার গতিতে চলে। এটি মাঝ আকাশে গতিপথ পরিবর্তনের জন্য একটি তরল-জ্বালানি ইঞ্জিন ব্যবহার করে, যা সাধারণ বিমান প্রতিরক্ষা প্ল্যাটফর্মগুলোর জন্য রাডারের মাধ্যমে একে শনাক্ত করা অত্যন্ত কঠিন করে তোলে।
ওয়ারহেডের কৌশল
ফাত্তাহ-২-এর অন্যতম বৈশিষ্ট্য হিসেবে এর বিশেষ ওয়ারহেড প্রযুক্তির কথা বলা হয়। দাবি অনুযায়ী, উড্ডয়নের শেষ পর্যায়ে ক্ষেপণাস্ত্রটির ভেতরে থাকা একটি ক্ষুদ্র ইঞ্জিন সক্রিয় হয়। এর ফলে এটি আকাশে বিভিন্ন কৌশলে গতিপথ পরিবর্তন করতে পারে।
এ ধরনের অনিশ্চিত গতিবিধির কারণে শত্রুপক্ষের রাডার ও প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের পক্ষে এর পরবর্তী অবস্থান আগে থেকে নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে।
স্বল্প ব্যয়ে বড় ঝুঁকি
ইরানের সংবাদ সংস্থা ওয়ানার এক প্রতিবেদন অনুযায়ী, সামরিক হিসাব অনুসারে প্রতিটি ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্র তৈরিতে খরচ হয় প্রায় ২ লাখ ডলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম ৩০ লাখ ডলারেরও বেশি।
বিশেষজ্ঞদের মতে, উৎপাদন খরচের এই পার্থক্য ইরানকে তুলনামূলক কম ব্যয়ে ইসরায়েলের ব্যয়বহুল প্রতিরক্ষা অবকাঠামোর ওপর চাপ তৈরির সুযোগ করে দিতে পারে।
ইসরায়েলের ভৌগোলিক সীমাবদ্ধতা
ভৌগোলিকভাবে ইসরায়েল ছোট ও তুলনামূলকভাবে ঘনবসতিপূর্ণ একটি দেশ। দেশটির দৈর্ঘ্য প্রায় ৪৭০ কিলোমিটার। সবচেয়ে সরু অংশে প্রস্থ মাত্র ১৫ কিলোমিটার। ফলে ইরান বা তার মিত্রদের ছোড়া ক্ষেপণাস্ত্র অল্প সময়ের মধ্যেই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। এতে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিরক্ষাব্যবস্থার হাতে সময় কম থাকে।
অন্যদিকে, আয়তনে ইরান ইসরায়েলের তুলনায় প্রায় ৭৫ গুণ বড়। ফলে দেশটির বিশাল ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের মজুত ও সামরিক স্থাপনা ছড়িয়ে রাখার সুযোগ রয়েছে।
ভবিষ্যত প্রজন্মের আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ইঙ্গিত
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহর সাম্প্রতিক এক মন্তব্যও এ আলোচনা বাড়িয়েছে। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ছিল আগের প্রজন্মের। ইরানের হাতে এর চেয়েও ‘অনেক বেশি ক্ষমতাসম্পন্ন’ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে।
বিশ্লেষকদের মতে, ফাত্তাহ-২ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির শেষ ধাপ নয়, বরং চলমান প্রযুক্তিগত উন্নয়নের একটি অংশ। তাদের ধারণা, ভবিষ্যতে আরও উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হিসাব-নিকাশে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
সূত্র: ওয়ানা, টাইমস অব ইন্ডিয়া, ওয়ার্ল্ড ইস ওয়ান নিউস
source: Asia Post






