৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজনের বাধ্যতামূলক অবসর

পলায়ন, অসদাচরণ ও দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান। আর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়ায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ ও শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর এসব আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) হিসেবে পুলিশ অধিদপ্তরে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ১৫ আগস্টের মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তিনি তা অনুসরণ করেননি। একাধিকবার নোটিশ পাঠানোর পরও জবাব না দেওয়ায় বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। তাকে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ছুটি শেষে ২০২৫ সালের ২৩ এপ্রিল কর্মস্থলে যোগ দেননি। স্থায়ী ও বর্তমান ঠিকানায় এবং ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে বরখাস্ত করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে অভিযোগ, সিআইডি রংপুরে কর্মরত থাকাকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে দিনাজপুরে যান। ২০২১ সালের ২৩ আগস্ট চিরিরবন্দর এলাকায় লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে তাদের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর একটি বাড়িতে আটকে রেখে মোবাইল ফোনে টাকা দাবি করার অভিযোগ ওঠে। এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাঁকে সহযোগীদেরসহ আটক করে। পরে মামলায় আদালতে সোপর্দ করা হয়। বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করেন। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা জানিয়ে কাগজপত্র পাঠালেও কর্মস্থলে যোগ দেননি। তার অবস্থান নিশ্চিত করতে পুলিশ একাধিকবার চেষ্টা করেও সফল হয়নি। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে বরখাস্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাইবান্ধায় কর্মরত থাকাকালে ছুটি শেষে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর কর্মস্থলে যোগ দেননি। তাঁর সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থায়ী ঠিকানায় তিনটি নোটিশ পাঠানো হলেও তিনি সাড়া দেননি। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ওই বছরের ১৮ সেপ্টেম্বর থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জে কর্মরত থাকাকালে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির সময় দায়িত্ব পালন করতে বলা হলেও তিনি সাড়া দেননি। ৬০ দিনের বেশি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়ায়দুর রহমান রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা সত্ত্বেও যোগদান না করা এবং অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হলেও পরবর্তী সময়ে চাকরিচ্যুতির প্রাথমিক সিদ্ধান্ত পরিবর্তন করে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, ছয় কর্মকর্তার বরখাস্ত এবং একজনের বাধ্যতামূলক অবসরের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
source: Asia Post






