News

৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রায় ৬ কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করেছে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, সেবা সচল রাখতে আগামী ছয় মাস আগের কাঠামোর আওতায়ই কেন্দ্রগুলো পরিচালিত হবে এবং এ সময়ের মধ্যেই একটি টেকসই বহুমুখী কর্মপরিকল্পনায় নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় ‘বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক’ (বিইউএইচএন) এবং ‘এমিনেন্স’ যৌথভাবে ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনির্দিষ্ট নেটওয়ার্ক থাকলেও নগরের বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এই শূন্যতা পূরণে বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে নগর স্বাস্থ্যের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

সেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়ে সতর্ক করে তিনিনজানান, বিদ্যমান নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় পুরোপুরি রূপান্তরের আগ পর্যন্ত আগামী ছয় মাস পূর্বের অংশীদারিত্বমূলক কাঠামোর আওতাতেই চালু থাকবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদনও দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে একটি পূর্ণাঙ্গ, টেকসই ও সাশ্রয়ী নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।

স্বাস্থ্য বাজেটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য কেবল বর্তমান অবস্থানে সীমাবদ্ধ থাকা নয়; আগামী পাঁচ বছরে স্বাস্থ্য বাজেটকে ক্রমান্বয়ে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার সুস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে সরকারের।

নগর স্বাস্থ্য ব্যবস্থাকে কেবল হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ না রেখে আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধের মতো সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করার আহ্বান জানান ড. এম এ মুহিত।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসম পরিচালক জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্ব ব্যাংক প্রতিনিধি ওয়ামেক রাজা, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূর।

source: Asia Post

Back to top button