নেতানিয়াহুকে হটাতে নতুন সমীকরণ, অতি-ধর্মীয় দলগুলোর দিকে ঝুঁকছেন আইজেনকট

ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণ দেখা দিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এবার অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে সমঝোতার পথে এগোচ্ছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিজের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।
ফলে সরকার গঠনের আলোচনায় আইজেনকটের সামনে এখন তিনটি পথ— অতি-ধর্মীয় দলগুলোর সমর্থন, আরব দলগুলোর সহযোগিতা কিংবা নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সমঝোতা।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের পরিবর্তনপন্থী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলোর আসনসংখ্যা ১৯।
আরব দলগুলোর সমর্থন পেলে আইজেনকটের জোটের আসনসংখ্যা ৬৭-তে পৌঁছাবে। তবে জোটের গুরুত্বপূর্ণ শরিক অ্যাভিগদর লিবারম্যানের ইসরায়েল আওয়ার হোম পার্টি আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধী। আইজেনকটও আরব দলগুলোকে সরাসরি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা।
এ অবস্থায় বিকল্প হিসেবে অতি-ধর্মীয় দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন আইজেনকট। দল দুটির মোট আসন ১৩। তারা আইজেনকটের ৪৮ আসনের জোটে যোগ দিলে নেসেটে আসনসংখ্যা দাঁড়াবে ৬১, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।
তবে এই সমঝোতার পথে বড় বাধা সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রশ্ন। নির্বাচনি প্রচারে আইজেনকট সব নাগরিকের জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে অতি-ধর্মীয় দলগুলো দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে আসছে।
এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি লিবারম্যানও শর্তসাপেক্ষে অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন। আইজেনকটের ঘনিষ্ঠদের মাধ্যমে এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
এদিকে নেতানিয়াহু সোমবার আবারও নিজের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার প্রস্তাব, লিকুদ, অতি-ধর্মীয় ও অন্যান্য ইহুদি জাতীয়তাবাদী দলকে নিয়ে সরকার গঠন করা। এ নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।
তবে আইজেনকটের শিবির নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী রেখে সরকার গঠনের বিরোধী। তাদের মতে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনই নির্বাচনের অন্যতম প্রধান লক্ষ্য।
এর আগে ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। পার্লামেন্টের ৬৭ সদস্য আইজেনকটের পক্ষে এবং ৪৬ সদস্য নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করায় তিনি প্রথম সুযোগ পান। বাকি সাত সদস্যের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম কোনো প্রার্থীর পক্ষে সুপারিশ করেনি।
সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারবেন। তিনি ব্যর্থ হলে নেতানিয়াহু দ্বিতীয়বার সরকার গঠনের সুযোগ পেতে পারেন। তিনিও ব্যর্থ হলে পার্লামেন্টের অন্য কোনো সদস্যকে দায়িত্ব দেওয়া অথবা নতুন নির্বাচনের পথ খুলতে পারে।
ফলে আগামী কয়েক সপ্তাহের রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করছে ইসরায়েলের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে, নাকি দেশটিকে আবার নির্বাচনে যেতে হবে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট ও টাইমস অব ইসরায়েল
source: Rajneete






