ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, থাকছে ভাতা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে ১৬ জনকে।একজন প্রার্থী সরকারি অফিসে একবারই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। নির্বাচিত ইন্টার্নদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। আবেদন শেষ সময় ২৮ নভেম্বর।
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কার্যক্রম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধীন দপ্তরের কার্যাবলি; ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা নিয়ে এ ইন্টার্নশিপ করা যাবে।
বুধবার (২৮ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা থেকে এ-সংক্রান্ত ইন্টার্নশিপ আহ্বান বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি জানানো হয়, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে স্নাতক পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
ইন্টার্নশিপ ভাতা
নির্বাচিত ইন্টার্নরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। এ ছাড়া অন্য কোনো ভাতা বা সুযোগ-সুবিধা দেওয়া হবে না। ভাতা পাওয়ার জন্য প্রতি মাসে নিয়োগকৃত সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মকালের প্রত্যয়ন জমা দিতে হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: amdadhoque74@gmail.com
অন্যান্য শর্ত
কোনো আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩-এর ১২(গ) অনুচ্ছেদ অনুযায়ী একটি ঘোষণাপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে।
কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে প্রাথমিক বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত বা মৌখিক কিংবা উভয় পরীক্ষায় অংশ নিতে হতে পারে। পরীক্ষার তারিখ ও সময় ই-মেইল, ডাকযোগে অথবা মোবাইল ফোনে জানানো হবে। লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
যা জমা দিতে হবে
মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদনপত্রের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদ, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া চারিত্রিক সনদ বা প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদ এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপিও জমা দিতে হবে।
সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর প্রার্থীদের সনদ দেওয়া হবে। তবে ইন্টার্নশিপ চলাকালে কর্মে নিয়োজিত থাকার কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। ইন্টার্নশিপ সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো ধরনের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে না। এমনকি ইন্টার্নশিপ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা এর অধীন কোনো দপ্তর-সংস্থা কিংবা অন্য সরকারি প্রতিষ্ঠানে চাকরির দাবিও করা যাবে না।
নির্বাচিত প্রার্থীদের ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুসরণের পাশাপাশি সরকারি অফিস ব্যবস্থাপনা ও গোপনীয়তা-সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিবিধান মেনে দায়িত্ব পালন করতে হবে।
source: Asia Post







