ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বিদেশি নাগরিকরা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নিজেদের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।
ভিসা সম্পর্কে ওই পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। আপনি ভিসার শর্তের অপব্যবহার করলে বা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।
এর আগে, গত ৩১ অক্টোবর দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়ার বিষয়ে সতর্ক করে দূতাবাস।
দূতাবাস জানায়, ভিসার ক্ষেত্রে উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) অনুযায়ী অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এ তারিখ যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া গত ২৮ অক্টোবরের এক বার্তায় ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেয় দূতাবাস। এতে জানানো হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক সভায় যোগ দেওয়া ও চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে দেশটিতে চাকরি বা কর্মসংস্থানের জন্য আলাদা শ্রেণির ভিসা প্রয়োজন।
source: Asia Post







