News

ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি: অমিত শাহ

ভোটার তালিকায় তিন কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রয়েছে বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, নাম থাকলেও তাদের প্রকৃতপক্ষে কোনো অস্তিত্ব নেই। তার অভিযোগ, বিরোধী দল কংগ্রেস ও তাদের মিত্ররা অবৈধ অনুপ্রবেশকারীদের এই ভোটব্যাংক রক্ষা করতেই এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়ার বিরোধিতা করছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সোমবার (২ নভেম্বর) তেলেঙ্গানার হায়দরাবাদে বিজেপি আয়োজিত এক মহাপদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তর্ক-বিতর্ক এবং বিরোধিতা চলছে দীর্ঘদিন ধরেই। এর মধ্যে মাসখানেক হলো ভারতের প্রায় সব বিরোধী দলই এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন-বিক্ষোভ করে যাচ্ছে।

কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পক্ষ থেকে রোববার রাজধানীর নয়াদিল্লর রামলীলা ময়দানে বিক্ষোভ কর্মসূচিও ছিল। সেখানে রাহুল গান্ধী দাবি করেন ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোটারকে বাদ দেওয়া হয়েছে, যা ছিলেন বৈধ ভোটার।

বিরোধীদলীয় নেতার এই অভিযোগের জবাব দিয়ে অমিত শাহ বলেন, বাদ পড়া নামগুলোর মধ্যে প্রায় ছয় কোটি ২৫ লাখ ভোটার নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন। প্রায় তিন কোটি ভোটারের মৃত্যু হয়েছে এবং প্রায় এক কোটি ভোটারের নাম একাধিকবার তালিকাভুক্ত হয়েছে। বাকি ৩ কোটি ভোটারের কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেন তিনি। তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

রাহুল গান্ধীকে আক্রমণ করে অমিত শাহ বলেন, কংগ্রেসের উদ্দেশ্য হলো ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করা। একজন ব্যক্তির নামে দুটি ভোট থাকলে তার একটি বাতিল করা উচিত কিনা, সেই প্রশ্নও তোলেন তিনি।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকেও আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, রাহুল গান্ধীর সঙ্গে মিলে যত চেষ্টাই করা হোক না কেন, বিজেপি প্রত্যেক অনুপ্রবেশকারীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি দেশ থেকেও বিতাড়িত করার ব্যবস্থা করবে।

এসআইআরের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে জয়ী হয়েছেন— রাহুল গান্ধীর এমন অভিযোগেরও বিরোধিতা করেন অমিত শাহ। তার যুক্তি, ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এসআইআর ছাড়াই জয়লাভ করেছিল।

ভারতের কেন্দ্রীয় এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কংগ্রেস ও তাদের সহযোগীরা এসআইআর বন্ধ করতে চাইছে, কারণ অবৈধ অনুপ্রবেশকারীরা তাদের ভোটব্যাংকের অংশ। তবে বিজেপি এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি বলেন, শুধু ভারতের নাগরিকরাই দেশটির নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবেন।

source: Rajneete

Back to top button