News

খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান নাসীরুদ্দীনের

২৯ দিনের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে খালি গ্যাস সিলিন্ডার নিয়ে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের নিচে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার জনগণের সঙ্গে তামাশা করছে। সরকারের ব্যর্থতার কারণে শ্রমিক অধ্যুষিত অঞ্চলে অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরকারের গোয়েন্দা ব্যর্থতার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। সামনেও দলটি এ ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করবে।

তিনি বলেন, এটা তারেক রহমানের সরকার নয়, এটা সিন্ডিকেটের সরকার। শেখ হাসিনার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানও রাতে বিজ্ঞপ্তি দিয়ে গ্যাসের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

বিভিন্ন দেশে সিলিন্ডার গ্যাসের দাম কম থাকার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন তোলেন, দেশে কেন একই গ্যাসের সিলিন্ডার ৫০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে ‘তারেক রহমানের সরকার, সিন্ডিকেটের পাহারাদার’ এবং ‘গ্যাস, বিদ্যুৎ, সিলিন্ডার দে, নইলে গদি ছাইড়া দে’—এমন স্লোগান দেওয়া হয়। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button