বাল্যবিবাহের বিরুদ্ধে চলা অভিযানে আসামে ৫ শতাধিক গ্রেফতার

ভারতের আসামে বাল্যবিবাহের বিরুদ্ধে চলা রাজ্যব্যাপী অভিযানে গ্রেফতার করা হয়েছে ৫০০ জনের বেশি অভিযুক্তকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ২৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ৫২৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৪১টি মামলা নথিভুক্ত হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী বলেন, “বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। আমরা অসমকে বাল্যবিবাহমুক্ত রাজ্যে পরিণত করব।”
২০২৩ সালে শুরু হওয়া এই বিশেষ অভিযানের আওতায় অসম পুলিশ ধারাবাহিকভাবে রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আসছে। অপ্রাপ্তবয়স্কদের বিয়েতে বর ছাড়াও বিয়ের আয়োজন, সহায়তা বা সম্পাদনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার ধুবড়ি জেলায় সদর থানার অধীনে ১৮ জনকে গ্রেফতার করা হয়। পরে গৌরীপুর, গোলকগঞ্জ, আগমনী, সাপটগ্রাম, বিলাসিপাড়া, চাপর এবং ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় আরও ৪৬ জনকে। নগাঁও জেলার জুরিয়া আরও ৪৬ জনকে।
নগাঁও জেলার জুরিয়া এলাকাতে একটি সম্ভাব্য বাল্যবিবাহের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে গ্রেফতার হয়েছেন ৫ জন। চরাইদেও জেলার মোরানহাট এলাকায় বাল্যবিবাহ সংক্রান্ত মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বকো-ছয়গাঁও সহ-জেলায় কলহিকাশ, সোনতলি এবং মন্দিরা-সহ একাধিক এলাকায় রাতভর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১২ জনকে ধরা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন অপ্রাপ্তবয়স্ক কনের সঙ্গে বিয়ে করা বর, সেই বিয়ের আয়োজন বা সহায়তা করার অভিযোগে অভিযুক্ত বাবা-মা ও অভিভাবকেরা। ধৃতদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।
source: Asia Post







