News

সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন চলতি মাসেই

নতুন জাতীয় বেতনকাঠামো অনুসারে চলতি মাস থেকেই বাড়তি হারে বেতন দেওয়া শুরু হবে। আপাতত আগের হারেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার (১৯ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রজ্ঞাপনটি প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে। এ জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা আছে বলে জানানো হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি হয়েছিল। নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা যে পরে দেওয়া হবে, সে ঘোষণা আগেই দেওয়া হয়েছিল।

আরো পড়ুন

এদিকে, সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান করেছে সরকার।

উল্লেখ্য, নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। গত ১ জুলাই থেকে কার্যকর হলেও সরকারি চাকরিজীবীদের পুরো বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৬–২৭ ও ২০২৭–২৮, এই দুই অর্থবছরে ধাপে ধাপে বেতন–ভাতা দেওয়া হবে।

গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে দেওয়া হবে মূল বেতন। ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

source: Asia Post

Back to top button