নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

নবীন কবিদের প্রথম কবিতার বই প্রকাশের উদ্যোগ ‘কবি-অভিষেক’-এর আওতায় আসন্ন একুশের বইমেলাকে সামনে রেখে পাণ্ডুলিপি আহ্বান করেছে ‘একুশের সংকলন’। আগ্রহী কবিদের বয়স সর্বোচ্চ ৩৩ বছর হতে হবে। পাণ্ডুলিপি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর।
আগ্রহীদের পূর্ণাঙ্গ পরিচিতিসহ কম্পোজ করা ওয়ার্ড ফাইল ও পিডিএফ ফরম্যাটে কমপক্ষে ৪০টি কবিতার পাণ্ডুলিপি [email protected] ঠিকানায় পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
কবিতার বইয়ের বিক্রি কমে যাওয়ার অজুহাতে অনেক প্রকাশকই নতুন কবিদের বই প্রকাশে অনীহা প্রকাশ করেন। ফলে প্রতিভাবান নবীন কবিদের প্রথম বই প্রকাশের সুযোগ পাওয়া কঠিন হয়ে ওঠে। এ বাস্তবতায় নবীন কবিদের আত্মপ্রকাশের সুযোগ তৈরি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করছে ‘একুশের সংকলন’।
২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটি ‘কবি-অভিষেক’ কর্মসূচির মাধ্যমে প্রতিবছর অন্তত একজন নবীন কবির প্রথম কবিতার বই প্রকাশের উদ্যোগ নিয়ে আসছে। গত ছয় বছরে ছয়জন নবীন কবির বই প্রকাশের পাশাপাশি তাঁদের নগদ অর্থ ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে। নবীন কবিকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশেষ অভিষেক উৎসবের।
উৎসবে প্রকাশিত বই নিয়ে বিশিষ্ট কবিদের আলোচনা, কবির কবিতা থেকে আবৃত্তি, নবীন কবির নিজস্ব অনুভূতি প্রকাশ এবং পাঠকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন থাকে। এর মাধ্যমে নবীন কবিদের সাহিত্যিক পরিচিতি তুলে ধরার পাশাপাশি কবিতা ও পাঠকের মধ্যে সংযোগ তৈরির চেষ্টা করা হয়।
দুই দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রকাশিত হয়ে আসছে ‘একুশের সংকলন’। এটি সম্পাদনা করছেন কবি মারুফ রায়হান। মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং একুশের বইমেলাকে আরও অর্থবহ করে তোলার প্রত্যাশা নিয়ে সংকলনটি প্রকাশিত হয়।
একুশের বইমেলায় প্রকাশিত হাজারো নতুন বই থেকে নির্বাচিত ৫০টি বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে রঙিন পুস্তিকা বা ক্রোড়পত্র প্রকাশ ‘একুশের সংকলন’-এর অন্যতম আকর্ষণ। পাঠকদের সুবিধার্থে এর ই-পেপার সংস্করণও মোবাইল-ফোন উপযোগী করা হয়েছে। www.banglamati.net/50-book লিংকে প্রবেশ করে যে কেউ গত ১২ বছরের নির্বাচিত বইগুলোর পরিচিতি পড়তে পারবেন।
নবীন কবিদের সৃজনশীলতাকে উৎসাহিত করা, তাঁদের প্রথম বই প্রকাশের সুযোগ তৈরি করা এবং বাংলা কবিতার নতুন কণ্ঠকে পাঠকের সামনে তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এবারের পাণ্ডুলিপি আহ্বান করেছে ‘একুশের সংকলন’।
source: Asia Post







