News

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু এবং একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারী বেন্ড শহরের ১৬ বছর বয়সী এক কিশোর। শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টার কিছুক্ষণ আগে এক ব্যক্তি ফোন করে জানান, আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি ছুড়েছে। পরে ওই সন্দেহভাজনকে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলের দিকে যেতে দেখা যায়। স্কুলের প্রবেশদ্বারে গুলি চালিয়ে সে ভবনের ভেতরে প্রবেশ করে।

হামলার পর স্কুলের ভেতর থেকে জরুরি সহায়তা চেয়ে ৯১১ নম্বরে কয়েক ডজন ফোন করা হয়। খবর পেয়ে প্রায় তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এর আগেই নিরাপত্তার স্বার্থে স্কুলটি লকডাউন করা হয়।

পুলিশপ্রধান মাইক ক্রান্টজ জানান, হামলাকারীকে থামাতে একজন সশস্ত্র কমিউনিটি সদস্য তার পিছু নেন এবং স্কুলের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে ওই ব্যক্তির গুলিতে সন্দেহভাজন কিশোর নিহত হয়।

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের একজন সাত বছর বয়সী শিশু এবং অন্যজন ৫৪ বছর বয়সী শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওরেগনের গভর্নর টিনা কোটেক। তিনি বলেন, এ ঘটনা সংশ্লিষ্ট মানুষের জীবনকে ‘চিরতরে বদলে দিয়েছে’।

কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার আরও বিস্তারিত তথ্য শুক্রবার জানানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

source: Asia Post

Back to top button