‘বিএলআরআইয়ের প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

‘বিএলআরআইয়ের প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কৃষক শক্তির মানববন্ধন’ শিরোনামে গত ১ অক্টোবর এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানা।
সোমবার (১২ অক্টোবর) এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক বরাবর তিনি এক প্রতিবাদলিপি পাঠান।
প্রতিবাদলিপিতে ড. নাসরিন সুলতানা বলেন, গত ১ অক্টোবর ২০২৬ তারিখে এশিয়া পোস্টে ‘বিএলআরআইয়ের প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কৃষক শক্তির মানববন্ধন’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, গণমাধ্যম হিসেবে কোনো জনসমাবেশে প্রদত্ত বক্তব্য সংবাদ হিসেবে প্রকাশ করার অধিকারকে আমি সম্মান করি। তবে উল্লেখিত মানববন্ধনে আমার সম্পর্কে যে অভিযোগ ও বক্তব্য প্রদান করা হয়েছে, তা অসত্য, বিভ্রান্তিকর এবং প্রকৃত তথ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
নাসরিন সুলতানা বলেন, আমার বিরুদ্ধে ২০২৫ সালের ১ জুলাই উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত, পুনঃতদন্ত এবং পরবর্তীতে বিভাগীয় মামলার মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত -এই তিনটি পৃথক তদন্ত কার্যক্রমে পৃথক পৃথক তদন্ত কর্মকর্তার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। অভিযোগ উত্থাপনের তারিখ থেকে শুরু করে চূড়ান্তভাবে সকল অভিযোগ থেকে অব্যাহতি প্রদানের অফিস আদেশ জারি হওয়া পর্যন্ত ১ বছর এক দিন সময় অতিবাহিত হয়েছে। পরবর্তীতে ২০২৬ সালের ২ জুলাই বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর মহাপরিচালকের অফিস আদেশের মাধ্যমে আমাকে উত্থাপিত সকল অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ফলে, উক্ত অভিযোগসমূহের বিষয়ে সম্পাদিত তদন্ত প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ বহাল নেই। ৩০ সেপ্টেম্বর মানববন্ধনে আমার বিষয়ে প্রদত্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
source: Asia Post







