News

সৌদিতে বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

​সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) রাতে হওয়া হামলায় নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় জানা গেছে। তাদের মধ্যে একজন্য ওমরাহ যাত্রী, আরেকজন প্রবাসী শ্রমিক।

​তারা হলেন, মোহাম্মদ শহীদ, তার বাড়ি বগুড়া। আরেকজন নাসরুল্লাহ বদরপুরী, তিনি কুমিল্লার বাসিন্দা।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

​পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার (১১ অক্টোবর) রাতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই দুই বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি আইনি ও অন্যান্য প্রক্রিয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

এদিকে, এ ঘটনায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুইজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

হামলার পর নিরাপত্তার কারণে আগামী ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় বিমান চলাচল ও যাত্রীসেবায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবরের ওই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার এ প্রাণঘাতী হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানাচ্ছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

বাংলাদেশ এই হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে।

পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

source: Asia Post

Back to top button