ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিতে কমিটি গঠন করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হবে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস’ আয়োজিত ‘বিদেশি কারিকুলাম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগের বিষয়টি পর্যালোচনা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে।
ভারত ও পাকিস্তানের শিক্ষাব্যবস্থার উদাহরণ তুলে ধরে মিলন বলেন, প্রতিবেশী দেশগুলোতে ও লেভেল ও এ লেভেলকে নিজস্ব এইচএসসি সমমানের সঙ্গে সমন্বয় করার স্পষ্ট নীতিমালা রয়েছে। আমাদের দেশেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার সর্বস্তরে সমতা নিশ্চিতে কাজ করছে।
তিনি জানান, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় সমতার ভিত্তিতে অংশ নিতে পারে, সে লক্ষ্যে ইউজিসির নেতৃত্বে কমিটি গঠনের পর তাদের প্রয়োজনীয় সুপারিশের আলোকে নীতিমালা প্রণয়ন করা হবে। এ সময় শিক্ষামন্ত্রী ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে দেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির কার্যকর পাঠদান জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
‘অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস’-এর সভাপতি মো. মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বক্তব্য দেন।
source: Asia Post







