কলকাতায় মুসলিমদের পানি না দেওয়ার অভিযোগ, জাতিসংঘে চিঠি

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার জ্যোতি নগর কলোনিতে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম। খবর আউটলুক ইন্ডিয়ার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠির কপি শেয়ার করে সমীরুল ইসলাম লেখেন, বিজেপি ক্ষমতায় আসার পরই কলকাতার জ্যোতি নগর কলোনিতে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়; কারণ এখানকার বাসিন্দারা মুসলিম এবং তাদের বিজেপির তথাকথিত ‘ভোট ব্যাংক’-এর অংশ হিসেবে গণ্য করা হয় না।
জাতিসংঘের মানবাধিকার প্রধানকে লেখা চিঠিতে তৃণমূলের এই সংসদ সদস্য উল্লেখ করেন, কলোনির এই সংকটটি সাধারণ পৌর পরিষেবার বিষয় নয়, এটি বাসিন্দাদের মৌলিক মানবাধিকারের বিষয়।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে পর্যাপ্ত পানীয় জল থেকে বঞ্চিত রাখা কোনও সাধারণ পৌর সমস্যা হতে পারে না। নিরাপদ ও বিশুদ্ধ খাওয়ার পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা পাওয়া জাতিসংঘ স্বীকৃত মৌলিক মানবাধিকার। এই সংকটের কারণে জ্যোতি নগর কলোনির বাসিন্দারা স্বাস্থ্য, সম্মান ও উপযুক্ত জীবনমান বজায় রাখার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
চিঠিতে সমীরুল ইসলাম বলেন, বাসিন্দারা কোনো বিশেষ সুবিধা চাইছেন না। বেঁচে থাকার জন্য অপরিহার্য মৌলিক অধিকারটুকুই তারা চাইছেন।
চিঠিতে তিনি সতর্ক করে বলেন, খাবার পানির এই তীব্র সংকট ছড়িয়ে পড়লে তা বড় ধরনের সংক্রামক ব্যাধি সৃষ্টি করতে পারে এবং সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের পর্যাপ্ত ও নিয়মিত পানীয় জল সরবরাহে কেন এমন দীর্ঘমেয়াদি ব্যর্থতা দেখা দিয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি ও প্রয়োজনীয় তথ্য চাওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে উদাত্ত আহ্বান জানিয়েছেন সমীরুল ইসলাম।
জ্যোতি নগর কলোনির বাসিন্দারা কেন দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ও নিয়মিত পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে আহ্বান জানিয়েছেন সমীরুল ইসলাম। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সংস্থাটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি।
source: Asia Post






