বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বসিত ইলন মাস্ক

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রথমে স্পেসএক্সের লিংক শেয়ার করে লেখেন, স্টারলিংক মোবাইল এখন বাংলাদেশে!
পরে আবার স্পেসএক্স কর্মকর্তা স্টেফানি বেডনারেকের একটি পোস্ট শেয়ার করে মাস্ক লেখেন, ‘স্টারলিংক বাংলাদেশকে সংযুক্ত করছে!’
এর আগে বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশে স্টারলিংক-চালিত স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালুর ঘোষণা দেয় মোবাইল অপারেটর বাংলালিংক। এর মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এ ধরনের সেবা চালু করেছে।
স্টেফানি বেডনারেক তার পোস্টে বলেন, স্টারলিংক মোবাইলের মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও সংযুক্ত থাকতে পারবেন। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষ, পরিবার ও ভ্রমণকারীরা এ প্রযুক্তির সুবিধা পাবেন।
স্টারলিংক ও বাংলালিংকের এই সেবায় প্রচলিত মোবাইল টাওয়ারের প্রয়োজন হবে না। উপযুক্ত ফোরজি মোবাইল ফোন ও বাংলালিংক সিম থাকলেই মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা যাবে।
প্রাথমিকভাবে সেবাটি মূলত মেসেজ পাঠানো, প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার এবং অবস্থান জানানোর মতো কাজে সহায়তা করবে। সমুদ্র, দুর্গম দ্বীপ, উপকূলীয় এলাকা কিংবা পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক না থাকলে এটি বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে কাজ করবে।
প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা বা প্রচলিত মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটলেও সেবাটি কাজে আসবে বলে জানিয়েছে বাংলালিংক। বিশেষ করে জেলে, সমুদ্রে কর্মরত মানুষ, ভ্রমণকারী এবং প্রত্যন্ত এলাকার বাসিন্দারা এর সুবিধা পাবেন।
বাংলালিংক জানিয়েছে, সেবা চালুর প্রথম মাসে যেকোনো ইন্টারনেট বা মিশ্র প্যাকের সঙ্গে স্টারলিংক ইন্টারনেট বিনা মূল্যে দেওয়া হবে। দ্বিতীয় মাস থেকে নির্দিষ্ট মাসিক ইন্টারনেট ও মিশ্র প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই এ সুবিধা পাওয়া যাবে। স্যাটেলাইট নেটওয়ার্কে ব্যবহারের জন্য গ্রাহকদের প্রতি মাসে পাঁচটি বিনা মূল্যের খুদে বার্তাও দেওয়া হবে।
source: Asia Post







