পুতিন-পেজেশকিয়ানের ফোনালাপ: পারস্পরিক সম্পর্ক ও সহায়তা জোরদারের বার্তা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পুতিনের জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার (৭ অক্টোবর) তাকে শুভেচ্ছা জানান পেজেশকিয়ান। ফোনালাপে মস্কো ও তেহরানের মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।
তেহরান ও মস্কোর মধ্যকার ইতিবাচক সম্পর্কের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখা ও জোরদার করার ওপর গুরুত্ব দেন। এই ইতিবাচক ধারা বজায় রাখা উভয় দেশের স্বার্থের অনুকূল বলে অভিহিত করেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের শুভেচ্ছার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সরকার ও জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও সাফল্য কামনা করেন।
পুতিন ‘সামগ্রিক কৌশলগত অংশীদারত্ব চুক্তির’ আওতায় তেহরান ও মস্কোর মধ্যকার যৌথ সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, চলমান বৈশ্বিক ও আঞ্চলিক ঘটনাপ্রবাহ সত্ত্বেও এই সহযোগিতা অব্যাহত রয়েছে।
শত্রুর আগ্রাসনের মুখে ইরানি জাতির ঐতিহাসিক ও অবিচল দৃঢ়তার প্রশংসা করে পুতিন বলেন, “ইরানের এই সাহসিকতা ও বীরত্ব বিশ্বজুড়ে অনেক দেশেরই বিশেষ মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।”
আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা ও সহায়তার লক্ষ্যে কয়েকটি দেশের কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে পুতিন জানান, রাশিয়া এসব উদ্যোগকে পূর্ণ সমর্থন করে এবং যেকোনো ধরনের সাহায্য ও ভূমিকা রাখতে মস্কো প্রস্তুত রয়েছে।
তেহরান ও মস্কোর মধ্যে অব্যাহত যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেওয়ার পাশাপাশি, ফোনালাপ শেষে রুশ প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকেও শুভেচ্ছা বার্তা জানান। সূত্র: মেহের নিউজ
source: Rajneete







