সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা

দেশের সব উপজেলা পরিষদে সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে কার্যবিবরণীর একটি অনুলিপি সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে উপজেলা পরিষদের কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রম এবং সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারায় পরিষদের প্রত্যেক সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।
তবে নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে আইন অনুযায়ী নিয়মিতভাবে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। এতে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রমের বাস্তাবায়ন অগ্রগতি পর্যালোচনা ও পর্যবেক্ষণ সমস্যা হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি যথাযথভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। অগ্রাধিকারমূলক কার্যক্রমের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজ বাস্তবায়নের আগে ও পরে অবস্থার তুলনামূলক চিত্র থাকলে তা সংযুক্ত করে পাঠাতে বলা হয়েছে।
উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ইমেইল ঠিকানায় পাঠাতে হবে বলে এতে উল্লেখ করা হয়। পাশাপাশি এর হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
source: Asia Post







