News

মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুর-১ এ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত হওয়ার পর সংরক্ষিত আসন (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার (মিষ্টি) বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চার্জশিট দেওয়া হবে। চার্জশিটে নাম এলে তাকে আদালতের এখতিয়ারে যেতে হবে। আইনের আওতায় আসবে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দলের পক্ষ থেকেও দলীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা আইনের বাইরে, সাংগঠনিক ব্যবস্থা।

একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমার কিছু বলা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, মিরপুরে রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পরে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ডেকেছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে। সেখানে ঘটনার বিষয়ে মিষ্টির জবাব সন্তুষ্ট করতে পারেনি প্রধানমন্ত্রীকে।

এরপর গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) ওই ঘটনায় পুলিশ ও গোয়েন্দা প্রতিবেদন দেখার পর তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র থেকে জানা যায়, কম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ফেরদৌসীকে জানানো হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির এই নেত্রী।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। আলোচনায় আসে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও।

source: Asia Post

Back to top button