News

চট্টগ্রামে মাদক কারবার নিয়ন্ত্রণে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাকলিয়া থানার অ্যাকসেস রোডের পাশে সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলেও কেউ গুরুতর হননি বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ দুই পক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। শুরু হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষ চলাকালে এলাকায় বেশ কয়েকটি বিকট শব্দ বা গোলাগুলির শব্দে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাকলিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১টা) অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, মাদক কারবারে একক আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে এলাকায় পুলিশি সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

source: Asia Post

Back to top button