২০ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি, মেয়েকে নিয়ে বাড়িছাড়া প্রধান শিক্ষক

পিরোজপুরের নাজিরপুরে এক প্রধান শিক্ষকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষক কিশোর কুমার হালদার।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কিশোর কুমার হালদার (৫৪) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিরোদ বিহারী হালদারের ছেলে। তিনি শাঁখারীকাঠী ইউনিয়নের ৯৫ নম্বর বুড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে একটি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এর মধ্যে ওই টাকা পরিশোধ না করলে তাকে ও তার পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
কিশোর কুমার হালদার বলেন, প্রথমে ফোন করে বলা হয়, পুড়িয়ে মারার জন্য নাজিরপুর থেকে তোমাকে ও তোমার পরিবারকে সিলেক্ট করেছি। এ থেকে রক্ষা পেতে আগামী শুক্রবারের মধ্যে ২০ লাখ টাকা দিতে হবে। ওই সময়ের মধ্যে টাকা না দিলে সপরিবারে পুড়িয়ে মারা হবে।
তিনি বলেন, হুমকির পর নিরাপত্তার কথা চিন্তা করে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়ে সুপ্তি হালদার মিকিকে (৯) নিয়ে রাতে অন্যের বাড়িতে আশ্রয় নেন। এর আগে গত বছর তার চাচাতো ভাই সঞ্জীব হালদারকে হত্যার পর সড়কের পাশে ফেলে রাখার ঘটনাও ঘটেছিল বলে জানান তিনি।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বিদেশি বা ইন্টারনেটের একটি নম্বর থেকে ফোন করে ওই প্রধান শিক্ষককে ভয় দেখানো হচ্ছে। এ বিষয়ে তিনি থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
source: Asia Post







