News

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগ হাতাহাতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগের পালটাপালটি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে স্বাগত ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, পালটাপালটি স্লোগান এবং দুই পক্ষের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ হস্তক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে জ্যাকসন হাইটসের একটি সড়কের পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো একটি ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে আওয়ামী লীগ-সমর্থকদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ফেস্টুনটি ছেঁড়া অবস্থায় দেখা যায়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা নিন্দা জানিয়ে ব্যানার বা ফেস্টুন না ছিঁড়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

এর কয়েক ঘণ্টা পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথক অবস্থান নেন। আওয়ামী লীগ-সমর্থকদের বিভিন্ন স্লোগানের মধ্যে ‘ডিসেম্বরে আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান শোনা যায়। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকেও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

পরে দুই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পালটাপালটি ‘ভুয়া ভুয়া’ স্লোগানসহ বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান দেওয়া হয়। আওয়ামী লীগ-সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানায়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তার এই সফর নির্ধারিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তার এই সফর। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম জাতিসংঘ সফর এবং সাধারণ পরিষদের বিশ্বমঞ্চে প্রথম ভাষণ।

সফরকে কেন্দ্র করে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসসহ বিভিন্ন এলাকায় আগে থেকেই বিএনপির পক্ষ থেকে স্বাগত কর্মসূচির প্রস্তুতি চলছিল। অন্যদিকে, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনও পালটা কর্মসূচির ঘোষণা দিয়েছিল। ফলে তার আগমনকে ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে কয়েক দিন ধরেই রাজনৈতিক তৎপরতা বাড়ছিল।

সফরকালে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিয়ে দেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান। প্রথমে তার সফরটি ৯ দিনের এবং এর সঙ্গে সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালি সফর যুক্ত থাকার কথা থাকলেও পরে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। সান ফ্রান্সিসকো সফরও বাতিল করা হয়েছে।

জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্ক জুড়েও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জাতিসংঘ সদর দপ্তর ও আশপাশের এলাকায় বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের কর্মসূচি ঘিরে নিউইয়র্ক পুলিশ বিভাগ অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।

source: Rajneete

Back to top button