News

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করে রাখা মিডলাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে জল তরঙ্গ সুইমিং পুলের গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে এক পুলিশ সদস্য জানান, আদালতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীদের ফাঁসির রায় ঘোষণার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটানো হয়েছে। তার ধারাবাহিকতায় এ অগ্নিকাণ্ড। গাড়িটিতে অগ্নিকাণ্ডের সময় অনেকেই ভিডিও ধারণ করেন। তা দেখে প্রাথমিকভাবে বোঝা যায় এটা একটা নাশকতার জন্য অগ্নিসংযোগ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পার্কিং করে রাখা মিডলাইন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৯৪২১) হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি আব্দুল হালিম বলেন, ‘মেরামতের পর কোনো যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।’

ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button