News

কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে পেটে গুলি

কক্সবাজার শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে মো. একরাম (৩২) নামে এক রাজমিস্ত্রিকে পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে গেছে চার সশস্ত্র দুর্বৃত্ত।

গুরুতর আহত অবস্থায় একরামকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের সিটি কলেজ সংলগ্ন সাহিত্যিকাপল্লী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাত ১টার দিকে আবুল মনসুর লুদু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধ একরাম কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার এলাকার জালাল আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কাজ শেষে রাতে হেঁটে বাড়ি ফিরছিলেন একরাম। পথিমধ্যে সিটি কলেজ এলাকায় পৌঁছালে চার অস্ত্রধারী যুবক তার গতিপথ রোধ করে দাঁড়ায়। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার পেটে অস্ত্র ঠেকিয়ে সরাসরি গুলি চালায় এবং দ্রুত সটকে পড়ে। রক্তাত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

একরামের স্বজনদের দাবি, মুবিন, জাহেদ, আব্দুল মনসুর লুদু ও সাদ্দাম নামে চার যুবক পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, হামলার মূল কারণ উদঘাটন এবং ব্যবহৃত অবৈধ অস্ত্রের উৎস খুঁজে বের করতে পুলিশী তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে এক অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

source: Asia Post

Back to top button