News

তুরাগে চাঁদাবাজ-ছিনতাইকারী ১৪ মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর তুরাগে চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী মো. রাকিব হাসানকে (২৯) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে তুরাগ থানাধীন হাসুর বটতলা এলাকা থেকে রাকিব হাসানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব তুরাগের পাকুরিয়া এলাকার ফজলুল হক ওরফে ফজলের ছেলে।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাকিব দীর্ঘদিন ধরে তুরাগসহ ডিএমপির বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি ও বিস্ফোরক আইনের ধারাসহ মোট ১৪টি মামলা রয়েছে।

তিনি জানান, রাকিবের বিরুদ্ধে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি মোস্তাফিজ বলেন, মামলাগুলোর মধ্যে উত্তরা পূর্ব থানায় একটি, তুরাগ থানায় ৯টি, উত্তরা পশ্চিম থানায় একটি, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় একটি ও গাজীপুরের সদর থানায় একটি মামলা রয়েছে।

source: Asia Post

Back to top button